জাসদ নেতা বাদল হাসপাতালে
পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা ও সাংসদ মইনুদ্দীন খান বাদল।
রাজধানী ল্যাব এইড হাসপাতালে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. জিয়াউল হকের অধীনে রোববার থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ ডিসেম্বর শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদের নড়াইল শাখার কর্মসূচিতে গিয়ে পায়ে আঘাত পান তিনি। আঘাতের কারণে পায়ের পুরনো ক্ষতে সংক্রমণ দেখা দিয়েছে।
এই জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার ডান পায়ে ১৯৭৪ সালে বুলেটের একটি ক্ষত ছিল। সেই জায়গাটি মচকে যাওয়ায় সংক্রমিত হয়েছে।”
জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ রাজনৈতিক নেতারা বাদলকে দেখতে হাসপাতালে যান।
বাদল নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তাকে দেখতে হাসপাতালে ভিড় না করতে শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ করেছেন।
