দিন দিন ছোট হয়ে আসছে বিএনপির দাবি: কামরুল
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা বিএনপি পরবর্তীতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনসহ নানা দাবি জানালেও বর্তমানে দলটির দাবিগুলো ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার দুপুরে রাজধানীতে এক সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে এ মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
কামরুল বলেন, “বিএনপির যে দাবিগুলো ছিল তা দিন দিন ছোট হয়ে আসছে; আর ছোট হতে হতে একদিন তাদের দাবি শুন্য হয়ে যাবে।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা হরতাল-অবরোধ করা বিএনপি পরবর্তীতে বেশ কয়েকটি সিটি করপোরেশন ও পৌর ভোটে অংশ নিয়ে সেগুলোতে সেনা মোতায়েনের দাবি জানায়।
কাজী রকিবউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে (ইসি) সুষ্ঠু ভোটের পথে অন্তরায় দাবি তাদের অপসারণ দাবি করতেও দেখা যায় দলটিকে। সর্বশেষ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান ইসির মেয়াদ শেষে সব দলের আলোচনার মাধ্যমে নতুন ইসি গঠনের প্রস্তাব দেন। এতে দলটি কার্যত তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে বলে মনে করা হয়।
তবে সর্বশেষ দলীয় ভিত্তিতে ভোট হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটিতে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সফল করতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ওই সমাবেশে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপি অভিযোগের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে। আর এই নির্বাচনে আওয়ামী লীগই জয়লাভ করবে। বিএনপি কখনই এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না।”
“এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এরই মধ্যে অভিযোগের রাজনীতি শুরু করেছে। এই নির্বাচনের মাধ্যমে মাজা ভাঙা বিএনপি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে তারা আর কখনই ঘুরে দাঁড়াতে পারবে না।”
সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “বিএনপির জন্ম সেনাবাহিনী ছাউনির নিচে। তাই বিএনপি বার বার সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়।
“কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর এখতিয়ার সেনাবাহিনীর নেই। ক্ষমতার মালিক দেশের জনগণ। দেশের জনগণ যাদেরকে চাইবে তারাই ক্ষমতায় আসবে।”
সাবেক মন্ত্রী রাজ্জাক আরও বলেন, “সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। বিএনপি বার বার এই সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায়। দেশে যখন চরম মহাসঙ্কট তৈরি হবে। সেনাবাহিনী তখনই মাঠে নামবে। তার আগে নয়।
“নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে নিরপেক্ষ ও সুন্দর। এই নির্বাচনে সেনাবাহিনীর কোনো প্রয়োজন হবে না। আর এই নিরপেক্ষ সুন্দর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য। তাই তারা দেশের সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে বার বার সেনা মোতায়নোর দাবি জানায়।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি এনায়েতুল্লাহ খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী বক্তব্য রাখেন।
