২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বলছে এক, করছে আরেক: ফখরুল

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:53 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

তিনি বলেছেন, “আইনমন্ত্রী বলছেন যে তার সরকার বিনা বিচারে হত্যায় বিশ্বাস করে না। যদি কেউ এটা করে, সেটা যদি তাদের নজরে আনা হয়, চরম অ্যাকশন নেওয়া হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

“আমরা দেখছি, প্রতিদিন বিনাবিচারে হত্যা করে ফেলে রাখা হচ্ছে, বলা হচ্ছে- ক্রসফায়ারে মারা গেছে, কোনো বিচার নেই, গুম করে দেওয়া হচ্ছে, কোনো্ বিচার নেই, জঙ্গির নাম করে তাদেরকে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নেই।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের উদ্যোগে ‘১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তানোরে নিহত শহীদ বিপ্লবীদের’ স্মরণে আলোচনা সভায় একথা বলেন ফখরুল।

‘গুম’র একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “আজকের একটি পত্রিকায় এসেছে, গত তিন বছরে ৪২২ জনকে গুম করা হয়েছে। এভাবে শত শত মানুষ গুম করা হয়েছে।

“২০১৩ সালে আমাদের ছাত্রনেতা পিন্টুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা অসংখ্য বার তাদের কথা বলেছি, তাদের পরিবারকে মিডিয়ার সামনে এনেছি। তাদের কথা প্রচার করার পর গোটা জাতি কেঁদেছে। তবুও এদের (সরকার) বিবেক জাগ্রত হয় না।”

ক্ষমতাসীনরা সত্য  লুকিয়ে রাখতে চাইছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “সরকারি দল বা সরকারের মন্ত্রীরা যদি উটপাখির মতো সত্যকে লুকিয়ে রাখার জন্য বালুর মধ্যে মাথা ডুবিয়ে রাখেন, তাতে তো ঝড় থেমে যাবে না।

“আজকে এরা সত্যকে লুকিয়ে রাখতে চাইছেন, এড়িয়ে যেতে চাইছেন, জনগণের যে ক্ষোভ-দূঃখ-বেদনা-যন্ত্রণা, তাকে এড়িয়ে গিয়ে জনগণকে পুরোপুরি বোকা বানাতে চাচ্ছেন। এতে করে শেষ রক্ষা করা যায় না, ইতিহাস তা বলে না।”

দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে ‘ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ফখরুল।

“আমরা গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করবে, তার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা আমরা করতে চাই। ২০ দলের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ২০ দলের আন্দোলন সরকারের যাওয়ার জন্য নয়, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক দল(জাগপা) সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুব দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।