২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলে ‘কাঁটার’ ভয় ওবায়দুল কাদেরের

ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীর এক সংবর্ধনায় উপস্থিত হয়ে ফুলের প্রতি ‘ভীতির’ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 08:39 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি ফুল দেখলে ভয় পাই। কারণ এই ফুলের মধ্যে ভালোবাসার ফুলের সাথে স্বার্থের ফুল রয়েছে। কোনটি স্বার্থের ফুল সেটা আমি বসে বসে দেখি।

“আর এই যে ফুল দেওয়া হলো আর আমি নিলাম; কাল থেকেই টের পাব- এই ফুলের সাথে কত স্বার্থ আছে!”

প্রায় দেড় মাস আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর দল ও এর সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হন কাদের। পরে নিজের জেলা নোয়াখালী ও চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এবার ঢাকায় নোয়াখালী জেলা সমিতির এই সংবর্ধনায় গিয়ে তিনি বললেন, “এত সংবর্ধনা আর স্লোগান চলতে থাকলে, অভিনন্দনে সিক্ত হয়ে আমার মধ্যে অহঙ্কার চলে আসতে পারে।”

Image
ছবি: ওবায়দুল কাদেরের ফেইসুবক পাতা থেকে

ছবি: ওবায়দুল কাদেরের ফেইসুবক পাতা থেকে

ধৈর্য ধরে দলের জন্য কাজ করে যাওয়ায় পরিশ্রম, মেধা ও যোগ্যতার মূল্যায়ন হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করে ওবায়দুল কাদের।

“শুধু আমি নই, সেনাবাহিনীর প্রধান, ঢাকা উত্তরের মেয়রসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি নোয়াখালীতে। আমাদের শেখ হাসিনা মুখ দেখে বানাননি; কাজের মূল্যায়ন করেছেন, পরিশ্রম, মেধা ও যোগ্যতার মূল্যায়ন করেছেন।”

সেনাপ্রধানের ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও নোয়াখালী জেলা সমিতির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে বিড়ম্বনায়ও পড়তে হচ্ছে বলে মন্তব‌্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এই পদের বিড়ম্বনাও কম নয়। ক্ষমতা পাওয়ার পর অনেকে অচেনা হয়ে গেছে।

“দেশ কী পেল না পেল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, নিজে কী পেলাম না সেটা নিয়ে দুঃখ, বেদনা। তবে আমি নৈতিকতা, নিয়ম ও শৃঙ্খলার প্রশ্নে আপস করি না।”

Image
ছবি: ওবায়দুল কাদেরের ফেইসুবক পাতা থেকে

ছবি: ওবায়দুল কাদেরের ফেইসুবক পাতা থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘দ্রুতগতিতে’ বাংলাদেশের এগিয়ে চলছে মন্তব‌্য করে সড়কমন্ত্রী কাদের বলেন, “আমার কাছে অবাক লাগে- ৭০ বছরেও তার গতি ‘অ্যারাবিয়ান হর্সের’ মতো, কী ‘ম্যাজিক্যাল’ পাওয়ার তার!

“বাংলাদেশে যেখানে এ রকম ‘ডায়নামিক’ নেত্রী আছে সেখানে দেশ এগিয়ে যাবেই। আর সেই নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।”

নোয়াখালী সমিতির সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান, পার্টেক্স গ্রুপের চেয়ারম্যন মো. আবুল হাসেম, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যন মো. জসিম উদ্দিন, নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. সামসুল হক, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।