আইভীকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জেতানোর কৌশল ঠিক করতে তাকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আইভীর মনোনয়নপত্র বৈধ বলে রিটার্নিং কর্মকর্তার সায় পাওয়ার পর রোববার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
প্রায় ২ ঘণ্টার এই বৈঠকে আইভী তার নির্বাচনী কৌশল নিয়ে কেন্দ্রীয় নেতাদের আলোচনা করেছেন বলে উপস্থিত এক কেন্দ্রীয় নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর সমন্বয়কের দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
বৈঠকের বিষয়ে আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি। এটা বলার মতো তেমন কিছু না।”
বৈঠকের বিষয়ে জানতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওই বৈঠকে ছিলাম না।
“আমার জানা মতে, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতারা আলোচনা করেছেন। আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করা।”
গণভবনে গত মঙ্গলবার আইভীসহ নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে বৈঠক করেন শেখ হাসিনা
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “কেন্দ্রীয় নেতারা উনার (আইভী) কৌশল সম্পর্কে নোট নিয়েছেন। দলের সভাপতি শেখ হাসিনার কাছে এই নোট পাঠানো হবে। এরপর দলের সভাপতির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
দলের কোন্দলের মধ্যে নারায়ণগঞ্জে বর্তমান মেয়র আইভীকে প্রার্থী করেছে আওয়ামী লীগ; যদিও তৃণমূল পর্যায় থেকে ভিন্ন নাম প্রস্তাব করা হয়েছিল।
আইভীকে মনোনীত করার পর গত সপ্তাহে নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক করে দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ স্থানীয় সব নেতাদের নৌকার প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার নির্দেশ দেন।
নারায়ণগঞ্জে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি প্রার্থী করেছে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানকে।
