২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের ভোটকে সম্মান রক্ষার হিসেবে দেখছে আ. লীগ

কাউন্সিলে নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি আহ্বান জানানো ক্ষমতাসীন আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে দেখছে সম্মান রক্ষার প্রশ্ন হিসেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 12:19 AM

Updated : 11 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

শামীম ওসমানকে কঠোর বার্তা হাসিনার
আইভীর জন‌্য নয়, ‘নৌকার জন‌্য’ কাজ করবেন তারা

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সভায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোভাব প্রকাশ করেন বলে দলটির এক নেতা জানিয়েছেন।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি এই নির্বাচনে প্রার্থী করেছে আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে, যিনি আলোচিত সাত খুন মামলায় নিহতদের পক্ষে লড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন।

অপরদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী শামীম ওসমানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে থাকা সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকার টিকিট।  স্থানীয় আওয়ামী লীগের প্রস্তাবের বাইরে গিয়ে তাকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

২২ ডিসেম্বরের ওই ভোট সামনে রেখে শামীম-আইভীর বিরোধ মীমাংসায় এই দুজনসহ নারায়ণগঞ্জের নেতাদের গণভবনে ডেকে বৈঠক করেছেন শেখ হাসিনা। তার সামনেই উভয়পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।

এ প্রেক্ষাপটে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা বসে।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জের নির্বাচনের জয়-পরাজয় আমাদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। নেত্রী একে ‘প্রেস্টিজ ইস্যু’ বলেছেন।

“এ নির্বাচনে অবশ্যই আমাদের জিততে হবে।”

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে নারায়ণগঞ্জের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন।”

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন শুরু হবে। ৬১ টি জেলার ওই নির্বাচনে অংশ নিতে প্রায় ৭০০ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

প্রার্থী বাছাই শেষ করতে শুক্রবার সন্ধ্যায় ফের বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। বৈঠকে বোর্ড সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।