২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুল নিষ্পত্তি না করে কাউকে ‘মশাল’ নয়, সিইসিকে আম্বিয়া

উচ্চ আদালতের দেওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘মশাল’ প্রতীক কোনো প্রার্থীকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত আবেদন করেন জাসদ একাংশের সভাপতি আম্বিয়া।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে মশাল প্রতীক নিয়ে এ দাবি জানালেন আম্বিয়া।

গত ১২ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীনের কমিটির পাশাপাশি পাল্টা কমিটি গঠন করেন দলের জ্যেষ্ঠ তিন নেতা মইনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান ও তাদের অনুসারীরা।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৩ এপ্রিল ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদকে মূলধারা হিসেবে স্বীকৃতি দিয়ে ২৮ এপ্রিল তাদেরকে মশাল প্রতীক দেয় নির্বাচন কমিশন।

পরে এনিয়ে ক্ষুব্ধ আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদ হাই কোর্টে রিট দাখিল করে করলে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিষ নঞ্জন দাসের যৌথ বেঞ্চ ইনু-শিরীনের জাসদকে মশাল প্রতীক দেওয়া কেন কর্তৃত্ব বহির্ভূত হবে তা জানতে চেয়ে ইসির বিরুদ্ধে রুল জারি করে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এক পত্রে রুলের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে প্রার্থীর পক্সে মশাল বরাদ্দ না নেওয়অর অনুরোধ জানান শরীফ নুরুল আম্বিয়া।

জাসদ একাংশের এই সভাপতি চিঠিতে বলেন, “রুলটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মশাল প্রতীকটি যে কোনো নির্বাচনে প্রার্থীর পক্ষে বরাদ্দ না দেওয়ার জন্য অনুরোধ করা হল।”

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, রুলের জবাব দেওয়ার বিষয়ে কমিশনের কাছে ফাইল উপস্থাপন করা হয়েছে।

সর্বশেষ দলীয়ভাবে ইউপি নির্বাচনেও ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদের প্রার্থীরা মশাল প্রতীক পেয়েছেন। রুলের পর পরবর্তী বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসে নি।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয়ভাবে এ ভোট হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমার শেষ সময় ২৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর রাখা হয়েছে। ৫ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ।

পুরনো খবর:

ইনুকে মশাল দেওয়া কেন কর্তৃত্ব বহির্ভূত নয়: হাই কোর্ট
‘মশাল’ ইনুর হাতেই
মশাল নিয়ে ইসির সিদ্ধান্ত পর্যালোচনার দাবি