২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানার আদেশে বিএনপির নিন্দা

খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশকে ‘সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বর্হিপ্রকাশ’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “যারা রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা নিজেদেরকে মোগল সম্রাটের মতো অথবা অন্য কোনো সম্রাটের মতো সম্রাট ভাবেন। আমার বাবার মৃত্যুদিবসে কেন অন্যরা জন্মদিবস পালন করবে? এক ধরনের হীনতা, একধরনের প্রতিহিংসা, সেই প্রতিহিংসার বর্শবর্তী হয়ে এই মামলা দেওয়া ও এই গ্রেপ্তারি পরোয়ানা।

“আমি বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিপর্য্দস্ত করতে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই গ্রেপ্তারি পরোয়ারা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শুক্রবার সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্টি পি কস্টা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল সংগঠন দুইটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গত ৩০ অগাস্ট এ মামলা দায়ের করেন। ওইদিনই আদালত মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। খালেদা সেদিন আদালতে না যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানীর উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

সভায় রিজভী বলেন, “আমরা মনে করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি মামলা দিয়েছেন, তিনি একজন ব্যক্তি নয়, একজন আওয়ামী লীগের সমর্থক নন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, তার নির্দেশে তিনি এই মামলা করেছেন, নইলে এই মামলা করার কথা নয়।

“এভাবে নিরন্তর মামলা-মোকাদ্দমা দেওয়া, বার বার আদালতে হাজিরা দিয়ে শেখ হাসিনা মনে করেছেন, বিএনপি নেত্রী পর্যুদস্ত হয়ে যাবেন, তার (শেখ হাসিনা) ময়ুরের সিংহাসন অব্যাহত থাকবে, নিরাপদ থাকবে- এরকম একটি ভাবনা থেকে নিপীড়ন-নির্যাতনের মামলা।”

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া

ভারতে ২ কোটি অবৈধ বাংলাদেশি রয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “আসলে একটা গভীর ষড়যন্ত্র চলছে। ভারতের যে রাষ্ট্রচরিত্র, এখন বিশ্বের মধ্যে যদি একটা সাম্প্রদায়িক দেশ থেকে থাকে, সেটা ভারত। বাংলাদেশের ২ কোটি লোক ভারতে যাবে কেন?

“ভারতের পশ্চিম বাংলার স্থানীয় মুসলমানদের তাড়িয়ে দেওয়ার জন্য, সেখানের ভূমিপুত্রদের তাড়িয়ে দেওয়ার জন্য আজকে এই গভীর চক্রান্ত। ২ কোটি মানুষ ভারতে চলে যাবে? চিকিৎসার জন্য, ভ্রমণের জন্য আমরা ভারতে যাই। কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার জন্য কেউ যায় না।”

ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম খান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ ও ইসলামিক পার্টির এম এ কাশেম বক্তব্য রাখেন।