২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ও খালেদার বিরুদ্ধে মামলার আবেদন এ বি সিদ্দিকীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলামের আদালতে তিনি নিজের আর্জি তুলে ধরে জবানবন্দি দেন।

তার অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না- সে সিদ্ধান্ত অপেক্ষমাণ রেখেছে আদালত। 

এ বি সিদ্দিকী এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এক ডজনের বেশি মানহানির মামলা করেছেন। দুই বছর আগে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘গরিব মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর আনুকূল্য পেতেই; একের পর এক মামলা করে যাচ্ছেন তিনি।

এ বি সিদ্দিকী তার এবারের আর্জিতে বলেছেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা উত্থান পতনের মধ‌্যে তখনকার সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্বাধীনতাবিরোধীদের ‘দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেন’।

‘একজন মুক্তিযোদ্ধা হয়েও’ এর মধ‌্য দিয়ে জিয়া ‘মুক্তিযুদ্ধের দায়িত্বকে কলঙ্কিত’ করেছেন বলে এ বি সিদ্দিকীর অভিযোগ।

তার আর্জিতে বলা হয়, বঙ্গবন্ধুকন‌্য‌া শেখ হাসিনা ১৯৮১ সালের মে মাসে দেশে ফেরার পর জিয়াউর রহমান তাকে ‘হুমকি ও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যেতে’ বাধা দেন, যা মানহানিকর অপরাধ বলে বাদী মনে করছেন। এ কারণে জিয়াকে ‘মরণোত্তর আসামি’ করার কথা বলেছেন তিনি।

আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি আসামি করেছেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মন্ত্রী করার কারণে। এতে দেশ ও জাতির মান-সম্মান ভূলুণ্ঠিত হয়েছে বলে এ বি সিদ্দিকীর অভিযোগ।

তিনি বলছেন, ‘বঙ্গবন্ধুর ভক্ত ও একজন মুক্তিযোদ্ধা’ হিসেবে তিনি নিজেও জিয়া ও খালেদার ‘ওইসব কর্মকাণ্ডে’ অপমনিত হয়েছেন।