২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে খালেদার প্রতিনিধিদল

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সাত সদস্যের ওই প্রতিনিধিদল পাঠাতে চেয়ারপার্সন বুধবার রাতে সিদ্ধান্ত নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রতিনিধিদলের সদস্য বিএনপি নেতা গৌতম চক্রবর্তী।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুশীল বড়ুয়া, সঞ্জীব চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা মুন্নী ও রুমিন ফারহানা রয়েছেন।

বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, “নাসিরনগরের ঘটনা নিন্দনীয়। সেখানে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে আমরা বিএনপি চেয়ারপারসনের পক্ষে যাব।

“আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করব, ক্ষতিগ্রস্ত মন্দিরসমূহ পরিদর্শন করব। মূলত হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপরি এই প্রতিনিধিদল ব্রাক্ষণবাড়িয়ায় যাচ্ছি।”

শুক্রবার সকালে সড়কপথে প্রতিনিধিদলটি ব্রাক্ষণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন বলে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।

২০১২ সালে কক্সবাজারের রামুতে একইভাবে ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে বৌদ্ধ বসতিতে হামলা হয়েছিল।