জাসদ ছাত্রলীগেও বিভক্তির আভাস
জাসদে ভাঙনের জের ধরে দলটির ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগেও বিভক্তির সুর বেজেছে।
হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ ছেড়ে একই নামে দলের ঘোষণা দেওয়া শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন অংশের সঙ্গে ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজুসহ দুই নেতার সখ্যের খবর এসেছে।
ইনু অনুগত জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমনের পক্ষের কয়েক নেতার বিরুদ্ধে টাকা, ল্যাপটপ ও পোশাক চুরির অভিযোগও করেছেন সাজু।
মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক গৌতম শীল স্বাক্ষরিত এক বিবৃতিতে শাহজাহান আলী সাজু বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ‘জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির কতিপয় নেতা এবং বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সামছুল ইসলাম সুমনের নির্দেশে’ নিউ মার্কেট বলাকা ভবনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
“কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আহসান হাবিব ও আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক ননী সহ ২০ থেকে ২৫ জন অফিসের তালা ভেঙে আমার একটি ল্যাপটপ, এক লাখ ২০ হাজার টাকা, প্যান্ট, শার্টসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায় এবং অন্য একটি তালা লাগিয়ে দেয়।”
তাকে না জানিয়েই সংগঠনের কেন্দ্রীয় সংসদের জরুরি সভা ডাকা হয়েছে উল্লেখ করে সাজু বলেন, “আজ (মঙ্গলবার) জানতে পারলাম আমাকে না জানিয়ে আগামীকাল বিকাল ৫টায় বিভক্ত জাসদের ইনু অংশের অফিসে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের জরুরি সভা ডাকা হয়েছে।”
সাধারণ সম্পাদককে এড়িয়ে কেন্দ্রীয় সংসদের সভা ডাকার এখতিয়ার নেই দাবি করে এ সভাকে ’গঠনতান্ত্রিকভাবে অবৈধ’ বলছেন সাজু।
“জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভা সাধারণত ছাত্রলীগ অফিসে অথবা ঢাবির ডাকসু ভবনে হয়ে থাকে। কিন্তু জাসদ (ইনু) অফিসে ছাত্রলীগের সভা ডাকা নিয়মবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।”
সাজুর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে আমাকে ফোন করে চুরির অভিযোগ জানিয়েছে। কিন্তু কোনো সত্যতা আমরা পাইনি। আর সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদকের ব্যক্তিগত জিনিস থাকার কথা না।”
তিনি বলেন, “সাজু ও দপ্তর সম্পাদক গৌতম শীল সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাসদ নামে ওই গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে। এছাড়া পুরো কেন্দ্রীয় কমিটি ও ৬৪ জেলার সবাই আমরা একসঙ্গে আছি। সে বেশ কিছুদিন ধরে সংগঠন পরিপন্থি কাজ করছে। আমরা বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি।”
সাজুকে না জানিয়ে সভা আহ্বানের বিষয়ে তিনি বলেন, “গঠনতন্ত্র অনুসারে সভাপতির নির্দেশে যে কোনো সময় যে কোনো সভা ডাকা যেতে পারে।”
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সংগঠনের অপর এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাসদে বিভক্তির জের ধরে জাসদ ছাত্রলীগেও বিভক্তি দেখা দিয়েছে।
নতুন সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে মতবিরোধ থেকে গত ১২ মার্চ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল থেকে বেরিয়ে যান আম্বিয়াসহ এই অংশের নেতারা। পরে আম্বিয়াকে সভাপতি ও প্রধানকে সাধারণ সম্পাদক করে জাসদের একটি কমিটি ঘোষণা করেন তারা।
অন্যদিকে কাউন্সিলে হাসানুল হক ইনুকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি হয়।
জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার উভয়পক্ষই পৃথক কর্মসূচির আয়োজন করে। জাসদ ছাত্রলীগের সভাপতি ও তার পক্ষের নেতাকর্মীরা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইনু-শিরিন নেতৃত্বাধীন জাসদের কর্মসূচিতে যান।
অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজু।
