২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের কাছে গিয়ে ক্ষমা চান, নইলে ‘অ‌্যাকশন’: ওবায়দুল কাদের

জনগণের সঙ্গে যেসব জনপ্রতিনিধিরা খারাপ আচরণ করেছেন, তাদের হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

তিনি বলেছেন, “আমাদের নেতা-কর্মীদের মধ্যে যারা ভুল করেছেন। তিনি যে এলাকার সেই এলাকার জনগণের কাছে ক্ষমা চান। যারা আমাদের নির্বাচিত করেছে, তাদের কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো লজ্জা নেই।

“কারও খারাপ আচরণের কাছে আমাদের নেত্রীর অর্জনকে জিম্মি করতে পারি না। এর জন্য শাস্তি পেতে হবে। ডিসিপ্লিন ভঙ্গ করলে ডিসিপ্লিনারি শাস্তি পেতে হবে। এর সঙ্গে কোনো আপস নেই।”

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন কাদের।

সম্প্রতি ঢাকার গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র প্রদর্শনকারী দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার বিষয়টি সবাইকে মনে করিয়ে দেন তিনি।

“খারাপ শুদ্ধ করতে হবে এবং সংশোধন করতে হবে। অন্যথায় অস্ত্রধারীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই অ্যাকশন শুরু হয়ে যাবে।”

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালোবাসা অর্জন এবং মন জয় করার দিকটিকে গুরুত্ব দিতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

“জনগণকে খুশি করাই আমাদের পরবর্তী এজেন্ডা। যারা আচরণগতভাবে একটু খারাপ, ক্ষমতার অহংকারে জনগণের সাথে খারাপ আচারণ করেছেন। জনপ্রতিনিধি হয়েও পা মাটিতে পড়ে না। শুদ্ধ হয়ে যান, সংশোধন করুন।”

সভায় আওয়ামী নেতাদের উদ্দেশে কাদের বলেন, “ভাষণ কম, অ্যাকশন বেশি। এ অ্যাকশন বলতে পজিটিভ অ্যাকশন, নেগেটিভ নয়।”

সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “সরকার শক্তিশালী, আওয়ামী লীগ দুর্বল হলে সরকারের মধ্যে হারিয়ে যাবে, সেটা আওয়ামী লীগের জন্য শুভলক্ষণ নয়। দলের মধ্যে সরকার হারিয়ে যাবে, সরকারের মধ্যে দল হারাবে না, তাই আমাদের লক্ষ্য।”

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আমিরুল আলম মিলন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও বক্তব‌্য রাখেন।

পুরনো খবর:

দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ‘অ‌্যাকশনের’ প্রমাণ: ওবায়দুল কাদের
দলের আবর্জনা সাফ আগে: ওবায়দুল কাদের