২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত শাসন: প্রধান বিচারপতির সঙ্গে একমত নন আইনমন্ত্রী

প্রধান বিচারপতি এস কে সিনহা বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করে ১৯৭২ এর সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ফেরানোর আহ্বান জানানোয় বিস্ময় প্রকাশ করে এর সঙ্গে দ্বিমত পোষণ করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

তিনি বলেছেন, “আজকে যখন নতুন করে সবকিছু হয়ে গেছে, তখন এ রকম প্রস্তাব আসাটা আমার কাছে আশ্চর্যজনক লাগছে।”

বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান বিচারপতির ওই আহ্বান আসার পর মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান আনিসুল হক।  

আইনমন্ত্রী তার বক্তব্যে একদিকে প্রধান বিচারপতির প্রস্তাবকে ‘স্ববিরোধী’ বলেন এবং ১১৬ অনুচ্ছেদ বদলানোর ‘দরকার নেই’ বলে মত দেন। বক্তব‌্যের আরেক জায়গায় তিনিই আবার বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজনে সেটা করা যেতে পারে।

আনিসুল বলছেন, ২০১১ সালে যখন পঞ্চদশ সংশোধনীর মাধ‌্যমে সংবিধানে ৭২ এর চার মূলনীতি ফিরিয়ে আনা হয়, তখন সংসদীয় কমিটির নিরীক্ষার মধ্যে দিয়েই সে সংশোধনীগুলো আসে। সে সময় বাহাত্তরের ১১৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার প্রস্তাব কোনো পক্ষের কাছ থেকে সরকার পায়নি।

>> বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।

>> সংবিধানে প্রদত্ত এই ক্ষমতায় সরকারের আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির পক্ষে এসব কাজ করে থাকে।

>> আর ১৯৭২ সালের সংবিধানের এই ধারায় বলা ছিল, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

>> আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মা‌ধ‌্যমে ৭২ এর সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে আনে। কিন্তু ১১৬ অনুচ্ছেদে বাহাত্তরের বিধান আর ফেরেনি।

বিচার বিভাগ পৃথকীকরণের নয় বছর পূর্তি উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদে অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাই কোর্টের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ থাকবে বলা হয়েছে। কিন্তু ১১৬ অনুচ্ছেদে যে বিধান দেওয়া হয়েছে তা বিচার বিভাগরে ধীরগতির অন্যতম কারণ।

“এই অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মত বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটে এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়।”

এই প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করা ‘সময়ের দাবি’ বলে মত দেন প্রধান বিচারপতি।

এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী শুরুতেই বলেন, “আমি মাননীয় প্রধান বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা করি। মাননীয় বিচারপতির বক্তব্য আমি শুনেছি, পড়েছি এবং দেখেছি। অত্যন্ত শ্রদ্ধার সাথে মাননীয় বিচারপতি যেটা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।”

এর ব‌্যাখ‌্যায় উচ্চ আদালতের বিচারক অপসারণের বিষয়ে বাহত্তরের সংবিধানের বিধান ফিরিয়ে আনার পর হাই কোর্টের প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আনেন আইনমন্ত্রী। 

>> ১৯৭২ সালে মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়।

>> ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু একটি রিট আবেদনে চলতি বছরের ৫ মে হাই কোর্ট ওই সংশোধন অবৈধ ঘোষণা করে। বিষয়টি এখন আপিল বিভাগে আছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন।

Image
বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান

আনিসুল হক বলেন, “একদিকে বলা হচ্ছে ওইটা (৯৬ অনুচ্ছেদ) হিস্টরিক্যাল মিসটেক। আবার বলা হচ্ছে ১১৬ অনুচ্ছেদে বাহাত্তরে যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা তো স্ববিরোধী কথা!”

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বর্তমান অবস্থায় রাখার পক্ষে যুক্তি দিয়ে আইনমন্ত্রী বলেন, “সেখানে কাকে দায়িত্ব অর্পণ করেছে? আমাকে? আমাকে মন্ত্রী হিসেবে তো করেনি। এটা করেছে মহামান্য রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি হচ্ছেন হেড অব দি স্টেট এবং জুডিশিয়ারি প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট, ট্রান্সফার এবং রিমুভাল- এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে যাতে একজন বিচারককে অসুবিধায় না ফেলা হয়, সেজন্য বিচার ব্যবস্থার স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন।

“সেজন্য রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিকে এ দায়িত্বটা দেওয়া হয়েছে। তিনি বিচার করার পর তাদেরকে সরানো হবে কি সরানো যাবে না, তাদের দোষ সবকিছু দেখে তারপর সেখানে স্বাক্ষর করবেন।

“তার সঙ্গে কথাটা আছে যে ইন কসালটেশন উইথ সুপ্রিম কোর্ট। আমার মনে হয় না মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত এমন কাউকে রিমুভ করেছেন যেখানে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করা হয়নি। তাহলে আজকে এ প্রশ্ন কেন এল?”

১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফিরে যাওয়া উচিত কিনা- এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “আমার মনে হয় বিচার বিভাগের বিচারিক স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সংবিধানের ১১৬ (ক) অনুচ্ছেদ এই বিচারিক স্বাধীনতার ব্যাপারে গ্যারান্টি। এজন্য ১১৬ (ক) থাকলে আমার মনে হয় না ১১৬ এর ১৯৭২ সালে ফিরে যাওয়ার প্রয়োজন আছে।”

১১৬ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তি ও ম্যাজিষ্ট্রেটরা বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন।

অবশ‌্য পরে তিনি এও বলেন, “যদি এমন হয়, বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ার জন‌্য ১১৬ অনুচ্ছেদ প্রয়োজন হবে- তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাই করবে। তাতে যদি ১১৬ এর কিছু সংশোধন পরিবর্ধন প্রয়োজন হয়, সেটাও সে সময় করা হবে।”

রাষ্ট্রপতির হয়ে আইন মন্ত্রণালয়ই এখন বিচারকদের বদলি, পদোন্নতির কাজগুলো করছে- এমন পর্যবেক্ষণ সঠিক নয় বলে আইনমন্ত্রীর দাবি।

“না আমরা এগুলো করছি না। আমি সুপ্রিম কোর্টের সব সুপারিশই মানার চেষ্টা করি, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি। বরং যেখানে মনে করি আমি অনুচ্ছেদ ১১৬ দেখাতে পারি, সেখানেও আমি দেখাই না। কারণ এ সুপ্রিম কোর্ট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের। বলা হয় মানুষে শেষ আশ্রয়স্থল।”