সংলাপের বিকল্প নেই: ফখরুল
আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আশাহত করলেও সংলাপের ‘বিকল্প নেই’ বলে তাদের আবার মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্ষমতাসীন দলের নতুন নেতৃত্ব বাংলাদশে গণতন্ত্র ‘ফেরাতে’ উদ্যোগ নেবে বলে ফখরুল আশা করলেও আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন।
তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সদ্য নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার উদ্যম বেশি থাকার কথা। সেজন্য তিনি সম্ভবত আগাম এই বক্তব্য দিয়েছেন। “বাংলাদেশের সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে আলোচনার কোনো বিকল্প নেই।”
“বিএনপি কী, বিএনপির সাথে আলোচনা কেন করতে হবে? বিএনপি কী আলোচনা বা সংলাপের পথ খোলা রেখেছে? তাদের পথ তারাতো বন্ধ করে দিয়েছে”- বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান ফখরুল।
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন।
প্রয়াত নেতার কবরের সামনে মোনাজাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দেশে যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, তবে অবশ্যই আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের সঠিক পথ বের করতে হবে।
ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ড নিয়ে র্যাব ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, “বাংলাদেশে সরকারের যে দোদুল্যমানতা, স্ববিরোধিতা, আইনশৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে যে অসহযোগিতা- এটাই প্রমাণ করে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই।
“আমরা বরাবরই বলে এসেছি এই সরকার নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে এবং সেই সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে দমন করতে চায়।”
তাভেল্লা হত্যাকাণ্ডের জন্য পুলিশ বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার পর র্যাব বলছে, এই হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত।
