সুবিদ আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে সময় পেল পুলিশ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে সরকারদলীয় সংসদ সদস্য সুবিদ আলীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে আদালত।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ।
ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা পুলিশের আবেদনে সাড়া দিয়ে আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেন।
গত ১৭ অগাস্ট সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে আওয়ামী লীগের সংসদ সদস্য১ সুবিদ আলী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেছিলেন বলে কমিটির একাধিক সদস্যক জানান।
এই নিয়ে আলোচনার মধ্যেট পরদিন সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘জরুরি’ এক সংবাদ সম্মেলন ডেকে এ ধরনের কথা বলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন এমন অভিযোগের প্রমাণ কেউ দিতে পারলে রাজনীতি থেকে পদত্যাগ করার ঘোষণাও দেন সাবেক এই সেনা কর্মকর্তা।
এ ঘটনায় গত ২২ অগাস্ট দাউদকান্দি উপজেলার যুবলীগ নেতা জিলানী সরকার বাদী হয়ে সুবিদ আলীর বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মানহানি মামলা নেওয়ার আবেদন করেন।
বিচারক অভিযোগটি শুনে শেরেবাংলা নগর থানার পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সুবিদ আলী ভূঁইয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
