২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সম্মেলন সঙ্গীত বাপ্পার সুরে

সচিব কামাল চৌধুরীর লেখা আওয়ামী লীগের এবারের সম্মেলন সঙ্গীতে সুর দিয়েছেন বাপ্পা মজুমদার।

কাজী মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 06:55 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ‌্যানে ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শোনা যাবে ‘এখন সময় বাংলাদেশের, এখন সময় আমাদের’ গানটি।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনে গানটি সম্মেলনের ‘থিম সং’ হিসেবে চূড়ান্ত করেছেন বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, সংস্কৃতি উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব চয়ন ইসলাম, লিয়াকত আলী লাকীসহ একটি প্রতিনিধি দল ‘থিম সং’টি শেখ হাসিনাকে শুনিয়ে এসেছেন।

“এই থিম সং উনার (শেখ হাসিনা) খুব পছন্দ হয়েছে এবং এটাই চূড়ান্ত। এই থিম সংয়ে বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য ফুটে উঠবে।”

ক্ষমতাসীন দলের সম্মেলন সঙ্গীতে সুর করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় সুরকার বাপ্পা।

উপ-কমিটির সদস‌্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এই থিম সংটির গীতিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী (কামাল চৌধুরী), সুর করেছেন বাপ্পা মজুমদার।”

তিনি জানান, সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ৪০ জন শিল্পী একসঙ্গে গানটি গাইবেন। তার সঙ্গে নৃত‌্য পরিবেশন করবেন ৫০ শিশুসহ ৯০ শিল্পী।

‘স্লোগান হবে জয়ের নামে’

সম্মেলনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কারও নামে স্লোগান না দিতে কর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দপ্তর উপ-কমিটির সভায় তিনি বলেন, “সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। বঙ্গবন্ধু, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে স্লোগান হবে।

“এর বাইরে কেউ চাইলে বঙ্গবন্ধু পরিবারের যে কোনো সদস্যকে নিয়ে স্লোগান দিতে পারেন।”

সম্মেলনের প্রস্তুতির অধিকাংশ সম্পন্ন জানিয়ে দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, “আমাদের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৬৮টির কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা আমরা হাতে পেয়েছি। পাশাপাশি এই জেলাগুলো সাংগঠনিক রিপোর্টও ইতোমধ্যে জমা দিয়েছে।”