‘কুঁজো’ বিএনপিকে দিয়ে আন্দোলন হবে না: শাজাহান খান
বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
তার ভাষায়, বিএনপি এখন ‘কুঁজোদের’ দলে পরিণত হয়েছে, এই দল নিয়ে আন্দোলন চালিয়ে আওয়ামী লীগকে হটানো যাবে না।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে শাজাহান খান তার মন্ত্রণালয়ের পাশাপাশি সমকালীন রাজনৈতিক বিষয়াবলি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএনপি সম্পর্কে বলেন।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি ভোট ঠেকাতে ব্যর্থ হওয়ার এক বছর পর সরকার হটানোর আন্দোলন চালিয়েও ব্যর্থ হয়।
বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে সংলাপের আহ্বান জানিয়ে এলেও তাতে গা করছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শাজাহান খান বিএনপি এবং তাদের পাশাপাশি সংলাপের দাবি জানিয়ে আসা অন্য দলগুলোর উদ্দেশে বলেন, “কার জন্য সংলাপ? কীসের জন্য সংলাপ? সংলাপটা তারা করতে চেয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রক্ষার জন্য।”
নাশকতার আন্দোলনের কারণে বিএনপি দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে দাবি করে তিনি বলেন, “এগুলো করে তারা বৈতরণী পার হতে পারেননি। আজকে বিএনপি কুঁজোর দলের পরিণত হয়েছে। মানুষ কেউ যদি কুঁজো থাকে, তার চিৎ হয়ে শোয়ার একটা স্বাদ জাগে, কিন্তু কুঁজের কারণে সেটা পারে না।
“আজকে বিএনপির আন্দোলন করার স্বাদ জাগছে, কিন্তু আন্দোলন করতে পারছে না। জনগণের জন্য রাজনীতি, মানুষের জন্য রাজনীতি। সেই মানুষকে পেট্রোল বোমা মেরেছেন, সেই মানুষ কি জাগবে? সেই কারণেই বলছি, বিএনপি এখন কুঁজোর দল। তাদেরকে দিয়ে আর আন্দোলন হবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
