সভাপতি পদে হাসিনার বিকল্প নেই: নাসিম
টানা ৩৫ বছর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা আওয়ামী লীগের আগামী সম্মেলনেও সভাপতি নির্বাচিত হবেন বলে দৃঢ়ভাবে আশাবাদী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ তিনবার ক্ষমতায় এসেছে। বাংলাদেশ বিশ্ববাসীর চোখে একটি রোল মডেল হিসেবে অবস্থান করছে। সুতরাং তিনিই নেতা। তিনি পুনরায় দলের সভাপতি হবেন। তার বিকল্প নেই।”
আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় একথা বলেন নাসিম।
আগামী ২২-২৩ অক্টোবর ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলন হবে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
১৯৮১ সালে দলের হাল ধরে তা চালিয়ে যাওয়া বঙ্গবন্ধুকন্যা হাসিনা সম্প্রতি বলেছেন, অবসর নেওয়ার সুযোগ পেলে তিনি খুশি হবেন।
তবে নাসিমসহ দলের নেতাদের কথায় স্পষ্ট, ৭০ বছরে পা দেওয়া শেখ হাসিনাই নেতৃত্বে থাকছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি)
“আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সকল অর্জন কোনোভাবেই নষ্ট করা যাবে না।এমন কোনো কাজ আপনারা করবেন না।”
দলের নতুন নেতৃত্বে বিষয়ে শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, “নবীন-প্রবীণের সংমিশ্রণে একদল বুদ্ধিদীপ্ত নেতা আসবেন, যারা আগামী নির্বাচনকে সফল করার জন্য কাজ করবেন, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবেন।”
ঢাকা মহানগর আওয়ামীলীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় নেতা মির্জা আজম, এস এম কামাল হোসেন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
