২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে ফখরুল

ঢাকেশ্বরী মন্দিরে দূর্গাপূজা পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়কে খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শারদীয়া দুর্গোৎসবের অষ্টমীতে রোববার রাতে ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি।

মণ্ডপ পরিদর্শনের সময় ফখরুল বলেন, “আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে এসেছি আপনাদের কাছে তার শারদীয়া শুভেচ্ছার বাণী পৌঁছে দিতে। তিনি বলেছেন, আসুন আমরা দলমত নির্বিশেষে সকলের অধিকারকে রক্ষা করে একটা সুন্দর সৃষ্টিশীল বাংলাদেশ গড়ে তুলি।”

সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আসুন আমরা প্রার্থনা করি,ঈশ্বর যেন আমাদের বাংলাদেশকে ভালো রাখেন, সবার যেন কল্যাণ করেন।”

বিএনপি মহাসচিব মন্দিরের নির্ধারিত শারদীয় আলোচনা সভার মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

তিনি বলেন, হাজার বছর ধরে এই দেশের মাটিতে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ‌্যের মধ্য দিয়ে, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বাস করে আসছে। হিন্দু-মুসলমান ভাই-বোনেরা একই বৃন্তে দুটি ফুলের মতো বাস করছে।

“আমরা বিভিন্ন সময়ে সংগ্রাম করেছি, আমাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি। আমরা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি আমাদের স্বাধীনতার জন্যে, অধিকার রক্ষার জন্যে, আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্যে। এই দেশ নির্মাণ করতে চেয়েছি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “আজকে আমরা বাংলাদেশকে আরও সুন্দর করে নির্মাণ করতে পারি, যদি আমরা সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক পরিবেশে বাস করতে পারি, যদি আমাদের অধিকারগুলোকে কাজে লাগাতে পারি, একই সঙ্গে সকল ধর্মের যে সমান অধিকার সেটা নিশ্চিত করতে পারি।”

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন ফখরুল।

“সাদেক হোসেন খোকা সাহেব চিকিৎসার জন্য বিদেশে আছেন, তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। যিনি এই মন্দিরের জমিগুলো ফেরত পাওয়ার জন্য, এই মন্দিরের উন্নয়নের জন্য অবদান রাখতে সক্ষম হয়েছিলেন।”

ঢাকা মহানগরসার্বজনীনপূজাউদযাপনকমিটিরসভাপতিডিএমচ্যাটার্জি ফখরুলসহ বিএনপি নেতাদের শুভেচ্ছা জানান।

ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরির্দশনে ফখরুলের সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, স্থানীয় নেতা সাঈদা মোর্শেদ, কামাল পারভেজ বাদল, হুমায়ুন কবির, মো. রাসেল।

বিএনপি নেতারা ঢাকেশ্বরী মন্দির থেকে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এর আগে দুপুরে কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজাও দেখে আসেন তারা।