ইসি গঠন বিএনপির কাছে শিখতে হবে না: হানিফ
নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির প্রস্তাব দৃশ্যত প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেছেন, তাদের কাছ থেকে শেখার কিছু নেই।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির মেয়াদ ফুরিয়ে আসার প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও ‘আজ্ঞাবহ’ ইসি না করতে সরকারকে হুঁশিয়ার করেছিলেন।
মঙ্গলবার দেওয়া ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন ইসি গঠনের জন্য তাদের কাছে শিখতে হবে না।
“তাদের সময় নির্বাচন কমিশনের নামে আজিজ মার্কা তামাশা গঠন করেছিল। জাতি আর এরকম তামাশার নির্বাচন কমিশন দেখতে চায় না। তাই নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ফখরুল সাহেবদের পরামর্শও শুনতে চায় না।”
আগের বার তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশনার বেছে নিয়েছিলেন। এবারও সে রকমই হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক ইঙ্গিত দিয়েছেন।
কাজী রকিব নেতৃত্বাধীন কমিশনকে ‘আজ্ঞাবহ’ বলে আসা বিএনপি আশঙ্কা করছে, আওয়ামী লীগ নিজেদের সুবিধামতো একটি কমিশন গঠন করবে।
এজন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নতুন ইসি গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
হানিফ আগের প্রক্রিয়াকে সমর্থন করে বলেন, “বর্তমান নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে গঠন করেছিলেন। তখন সবচেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল।”
কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পর ২৬ সেপ্টেম্বর শেখ হাসিনাকে গণঅভ্যর্থনা দিতে দলের প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের এক সভার পর হানিফ বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানান।
ওই কর্মসূচি সফলে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের সঙ্গে সভা করেন।
সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তাকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আমরা গণঅভ্যর্থনা দেব।
“তিনি এখন শুধু আওয়ামী লীগের নয়, বাঙালি জাতির প্রদীপ। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি।”
