২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায়: হানিফ

বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনও কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 06:49 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বৃহস্পতিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি-জামায়াত পাকিস্তানের আদর্শ লালন করে। তারা এখনও পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

“যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের বিবৃতি প্রমাণ করে, যারা জামায়াত করে তারা এখনও পাকিস্তানের সৈনিক।”

পাকিস্তানের সৈনিকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের গুপ্তচর ছিলেন। তিনি কোনো যুদ্ধ করেননি।

“১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তার আচরণে পাকিস্তানি চরবৃত্তির প্রমাণ মেলে। ক্ষমতা দখলের পর তিনি রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন।”

পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন উর রশীদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।