২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে সঙ্গে নিয়ে খালেদার ওমরাহ

ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 02:54 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করেন বলে সৌদি আরব বিএনপি শাখার সভাপতি আহমদ আলী মুকিব জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে ম্যাডাম বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান, মেয়ের জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ওমরাহ পালন করেছেন। তারা কাবা শরীফ তওয়াফ শেষে মসজিদুল হারাম শরীফে নামাজ আদায় করেছেন। জুম্মা নামাজের পর তারা হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন।”

খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা তার উপদেষ্টা কাউন্সিলের সদস‌্য এনামুল হক চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার,  আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগমও ওমরাহ করেন বলে জানান তিনি।

শুক্রবার জুমআর নামাজের পর হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সারা বিশ্বের লাখ লাখ হজযাত্রী মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ৭ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থান করতে হবে।

সৌদি বাদশার সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যরা রাজকীয় মেহমান হিসেবে হজ করছেন। খালেদা জিয়া জেদ্দায় রয়েল প্যালেসে অবস্থান করছেন। সেখান থেকে সড়ক পথে মক্কা আসেন।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন।

আট বছর ধরে যুক্তরাজ্যে থাকা ছেলে তারেককে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে উমরাহ পালন করেছিলেন খালেদা।