২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব পৌঁছেছেন খালেদা-তারেক

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; ছেলে তারেক রহমানও গেছেন সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 04:53 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

ঢাকা থেকে রওনা হয়ে বুধবার সৌদি আরব সময় রাত ১২টায় খালেদা জিয়া জেদ্দা বিমান বন্দরে নামেন।

লন্ডন থেকে রওনা হয়ে তারেক বৃহস্পতিবার সকালে জেদ্দা পৌঁছান বলে সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “উনারা জেদ্দা রয়েল প্যালেসে উঠেছেন। আজ বিকালে জেদ্দায় থেকে মক্কায় এসে তারা কাবা শরিফ তাওয়াফ ও মসজিদুল হারামে নামাজ আদায় করবেন।”

বিমানবন্দরে খালেদা ও তারেককে অভ্যর্থনা জানাতে প্রবাসের বিএনপি নেতাদের মধ‌্যে আব্দুর রহমান, নজরুল ইসলাম, আজাদ চয়ন, মনিরুজ্জামান তপন, কেফায়েত উল্লাহ কিসমত, ইসমাইল ইমনউপস্থিত ছিলেন।

ইসমাইল ইমন বলেন, “বিমানবন্দরে কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে জেদ্দায় রয়েল প্যালেসে খালেদা জিয়া ও তারেক রহমান প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।”

ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে গেছেন তার উপদেষ্টা পরিষদের সদস‌্য এনামুল হক চৌধুরী, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগম প্রমুখ।

লন্ডন থেকে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি সৌদি আরব গেছেন।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন।

আট বছর ধরে যুক্তরাজ‌্যে থাকা ছেলে তারেককে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে উমরাহ পালন করেছিলেন খালেদা।