নাশকতার পাঁচ মামলায় হাই কোর্টে রিজভীর জামিন
রাজধানীতে নাশকতার পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদালতে রিজভির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরীন।
পরে সগীর হোসেন লিওন বলেন, রমনা, মতিঝিল, খিলগাঁও এবং পল্লবী থানায় এই সব মামলা হয়েছে। এর মধ্যে পল্লবী থানায় মামলার সংখ্যা দুটি।
এসব মামলায় গত ১৮ অগাস্ট আদালতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠায়।
এই পাঁচ মামলায় উচ্চ আদালত থেকে এবার জামিন পেলেও বিএনপি নেতা রিজভী কারাগার থেকে এখনই মুক্তি পাচ্ছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী লিওন।
কারণ হিসেবে তিনি বলেন, রমনা থানার মামলাটি অভিযোগপত্র দেওয়ার পর দুটি হয়ে গেছে। হত্যার অভিযোগে করা এই মামলায় বিস্ফোরক ব্যবহার সংক্রান্ত অংশটি পৃথক মামলায় পরিণত হয়েছে।
বুধবার শুধু বিস্ফোরক ব্যবহার সংক্রান্ত মামলায় জামিন হয়েছে জানিয়ে সগীর হোসেন লিওন বলেন, “মূল মামলার অপর অংশের শুনানি আগামীকাল হবে। এই মামলায় জামিন পেলে তার মুক্তিতে কোনো বাধা থাকবে না।”
২০১৩ ও ২০১৫ সালে রিজভীর নামে এসব মামলা হয় জানিয়ে লিওন বলেন, বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন এই বিএনপি নেতা।
