ফখরুল গেলেন সিঙ্গাপুর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা কে নিয়ে সিঙ্গাপুর রওনা হন এই বিএনপি নেতা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মহাসচিব স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। রোববার চিকিৎসকের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট।”
ফখরুল সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় ছয় মাস পরপর চিকিৎসকের পরামর্শ নিতে বিদেশে যেতে হচ্ছে বিএনপি মহাসচিবকে।
গত বছরের জুলাই,অক্টোবর এবং চলতি বছর জানুয়ারিতে তিন দফা তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। এ ছাড়া গতবছর সেপ্টেম্বরে যান যুক্তরাষ্ট্রে।
নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল।
