‘নাটের গুরু’ খালেদাকে জিজ্ঞাসাবাদ করুন: হাছান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিদের ‘নাটের গুরু’ আখ্যায়িত করে জঙ্গিবাদ দমনে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে খালেদা জিয়ার মতামত আমলে নিলে ‘জাতির কপালে দুর্ভাগ্য আছে’।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন,“আমরা এতদিন ধরেই বলেছিলাম, জঙ্গিদের লালন-পালন করছে বিএনপি। খালেদা জিয়ার বক্তব্যেই প্রমাণ হয়েছে, জঙ্গিদের নাটেরগুরু তিনি।
“তাই সরকারের প্রতি অনুরোধ জানাব, জঙ্গিদের মূলোৎপাটনের জন্য বিএনপি নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই জঙ্গিবাদের মূলোৎপাটন সম্ভব হবে, অন্যথায় নয়।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত সভায়জঙ্গিদের মোকাবেলায় ভূমিকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানান হাছান মাহমুদ।
“পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে জঙ্গিদের মোকাবেলা করছে। প্রত্যেকটি অভিযানে পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল। কিন্তু তারা (জঙ্গি) মনে করে পুলিশের গুলিতে মারা গেলে তারা সরাসরি বেহশতে যেতে পারবে; সেখানে তাদের জন্য হুর-পরীরা অপেক্ষা করছে।
“তাই গোলাগুলিতে তারা মারা যাচ্ছেন। এরা যে জঙ্গি তাদের পরিবারও স্বীকার করছে, কিন্তু করছে না জঙ্গিদের নেত্রী বিএনপি খালেদা জিয়া।”
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রামপাল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনায় হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া মেট্রিক পাস না করে পরিবেশ বিশেষজ্ঞ হয়ে গেছেন। রামপাল নিয়ে অনেক মতামত তিনি দিয়েছেন।”
সুন্দরবনের পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেওই অনুষ্ঠানেখালেদা জিয়া বলেন, “আমি এখনও বলব, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হওয়া উচিৎ নয়। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হবে। এমনিতে ওই অঞ্চলে একবার সিডর, একবার আইলার আঘাত হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। রামপাল প্রকল্প যদি হয়, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন শেষ হয়ে যাবে।”
খালেদার জবাবে ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদ বলেন, “জাতিকে খালেদা জিয়া ভুল ব্যাখ্যা, ভুল তথ্য উপস্থাপন করেছেন। এই বিশেষজ্ঞের মতামত গ্রহণ করলে দেশ ও জাতির কপালে দুর্ভাগ্য আছে।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে ‘অরাজকতা, হট্টগোল ও বিশৃঙ্খলার পথে’ না গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।
বিএনপি এখন ‘মুমূর্ষু অবস্থায়’ মন্তব্য করে দলটির নেতাকর্মীদের উদ্দেশে হাছান বলেন, “গতকাল আমরা আপনাদের মুমূর্ষু অবস্থায় দেখেছি। আমরা চাই আপনারা মুমূর্ষু অবস্থা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়ান।
“এজন্য দায়ী খালেদা জিয়াকে আপনাদের দল থেকে বাদ দিতে হবে। আর আগামী প্রতিষ্ঠাবাষির্কীতে কোমর সোজা করে দৌড়াতে না পারলেও যেন হাঁটতে পারেন- সেই ব্যবস্থা করেন।”
অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসভায় উপস্থিত ছিলেন।
