২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরাজকতা নয়, শান্তিপূর্ণভাবে এগোতে হবে: খালেদা

অরাজকতা, হট্টগোল ও বিশৃঙ্খলার পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 10:10 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

পুরনো খবর:

টুইটারে এলেন খালেদা জিয়া
‘দুঃসময়ে’ প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিএনপি

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, “বিএনপি একটি প্রোগ্রেসিভ দল। বাংলাদেশটা একদিন উন্নত দেশে পরিণত হবে, মানুষের আয় বাড়বে, গড় আয়ু বাড়বে, শিক্ষার হার বাড়বে এবং সব ক্ষেত্রে উন্নতি করবে। আমাদের দেশের মানুষ ও ছেলে-পেলেদের দিয়ে এই উন্নতি করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এই দিন আসবেই আসবে।

“আমি বলতে চাই, আমাদের সকলকে ধৈর্য্য ধরে, আমাদের সাহস নিয়ে এবং কোনো অরাজকতা, হট্টগোল ও বিশৃঙ্খলা নয়, যা নির্দেশ দেওয়া হবে, সেভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ, সুফল বাংলাদেশের মানুষ পাবে এবং এই দেশে হারানো গণতন্ত্র আবার ফিরে আসবে।”

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ দলের নবীন ও প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি প্রধান।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সোয়া ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনসহ জ্যেষ্ঠ নেতারা।

‘গুলি করে মারা কেন’

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি হত্যা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেত্রী বলছেন, “কিছুদিন পর কথায় কথায় সরকার জঙ্গি ধুঁয়া তোলে। অমুক জায়গায় এতোজন জঙ্গি আছে, ওতোজন জঙ্গি পাওয়া গেছে, তারপরে জঙ্গিগুলোকে ধরে। তারা সত্যিকারের জঙ্গি কি না জানি না। কিছু লোক তাদের ধরা থাকে। দীর্ঘদিন বন্দি করে রাখায় এগুলো না খেয়ে খেয়ে তাদের দাঁড়ি-চুল-টুল এতো বড় হয়ে যায়, তাদের ভূতুড়ে একটা চেহারা হয়ে যায়।

“তারপরে তাদের জঙ্গি বলে সামনে (গণমাধ্যম) নিয়ে আসে। আর পুলিশে বর্তমানে কিছু আছে, তারা অস্ত্রশস্ত্র সুন্দর করে সাজিয়ে বলে, এরা জেএমবি। এরা এই করেছে, সেই করেছে, মানুষ মেরেছে, এদের আমরা ধরেছি। আর কিছুদিন পরে দেখা যায়, তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। কেন গুলি করে মেরে ফেলা হয়?

“এখানে তো আইন আছে, আদালত আছে। পুলিশ আছে, তারা জিজ্ঞাসাবাদ করবে, দরকার হলে আদালতে নিয়ে যাবে। কিন্তু তা না করে গুলি মেরে ফেলা হয়, কারণটা কী? এর ভেতরে রহস্য নিশ্চয়ই আছে।”

Image
প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপির নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপির নেতা-কর্মীরা।

মাদারীপুরে আদালতের অনুমতিতে রিমান্ডে নেওয়ার পর একজন জঙ্গি হাতকড়া পরা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে তা কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া।

১৯৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি করে বিএনপি প্রধান বলেন, যশোর, সিলেটসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনায় কোনো জঙ্গিকে আটক করা হয়নি।

“ওই সময়ে ওই সব ঘটনায় একটা জঙ্গিও তারা (আওয়ামী লীগ সরকার) ধরেনি, কাউকে সাজা দেয়নি। বিএনপি যখন সরকারে আসল তখন আমরা জঙ্গিদের ধরেছি। হরকাতুল জেহাদ ও জেএমবিকে আমরা নিষিদ্ধ করেছি। এদের বড় বড় নেতা যেমন বাংলা ভাই, শাইখ আবদুর রহমান তাদের ধরা হয়েছে। তাদের জীবিত অবস্থায় ধরে বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে।”

‘গায়ের জোরে রামপাল হচ্ছে’

সুন্দরবনের পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছেন খালেদা জিয়া।

তিনি বলেন, “আমি এখনও বলব, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হওয়া উচিৎ নয়। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হবে। এমনিতে ওই অঞ্চলে একবার সিডোর, একবার আইলার আঘাত হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। রামপাল প্রকল্প যদি হয়, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন শেষ হয়ে যাবে।”

বিএনপি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধী নয় মন্তব্য করে খালেদা বলেন, “বিদ্যৎ প্রয়োজন আছে, বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। তবে সেটা অন্য জায়গায় হতে পারে, যেখানে মানুষ ও পরিবেশের ক্ষতি হবে না।”

সরকার এখন ‘গায়ের জোরে’ রামপাল বিদ্যুৎ প্রকল্প করতে চাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “অথচ প্রতিবেশী দেশে (ভারত) এই প্রকল্প করতে চেয়েছে, কিন্তু সেদেশের জনগণের বিরোধিতায় সেটা হয়নি।

“ওই দেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত বলে তারা জনগণের আন্দোলনের মুখে সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে।”

আওয়ামী লীগ সরকারকে দেশের স্বার্থ ও জনগণবিরোধী দাবি করে খালেদা জিয়া বলেন, “উন্নয়নের কথা বলে কোনো উন্নয়ন করেনি। এমন এমন বড় বড় প্রকল্প নেয় যে, দুই মাস পর পর উন্নয়ন ব্যয় বাড়ায়। এই বৃদ্ধির কারণ হচ্ছে ‘কমিশন’। প্রত্যেকটা প্রকল্পের পেছনে কমিশনের ব্যাপার আছে, ওই কমিশনের টাকা পকেটে নিয়ে দেশের বাইরে পাচার করা হয়।”

পদ্মাসেতু প্রকল্পের ব্যয় কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ‘ধ্বংস’ করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের কথা যদি বলি, নির্বাচন কমিশন কি কমিশন আছে? এটি আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হয়েছে।

“সিভিল প্রশাসনের কথা বলি। এটি দলীয়করণ করা হয়েছে। বহু অফিসার এখন ওএসডি হয়ে আছেন। কেন ওএসডি, তারা নাকি বিএনপি করেন বা বিএনপির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে, সেজন্য তারা ওএসডি। প্রশাসনের বহুলোককে বিদায় করা হয়েছে। এ থেকে হিন্দু অফিসারও বাদ যায়নি।”

ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মীদের জন্য আইনের দুই রকম প্রয়োগ হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

সংবাদপত্রও নিয়ন্ত্রণ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, “এই মিডিয়া কি সব কথা লিখতে পারে, সব কথা প্রচার করতে পারে? পারে না। সেখানেও নিয়ন্ত্রণ আছে। তারা এসে সেখানে বাধার সৃষ্টি করে, তাদের (সাংবাদিক) স্বাধীনভাবে লিখতে দেয় না।

“সেজন্য বিদেশিদের একথা- গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং সকল দলের সমান অধিকার। আইনের শাসন সকলের জন্য সমান। এসব এখন এখানে নাই।”

বর্তমান সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, “আমরা দেশের স্বার্থ সমুন্নত রাখব। আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব, কিন্তু মাথা উঁচু করে আমরা থাকব।

“মাথা নিচু করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে সব কিছু বিক্রি করে দেওয়ার জন্য আমরা নই।”

রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প দেশের ‘স্বার্থবিরোধী’ বলে মন্তব্য করেন তিনি।

দলের নেতৃত্বে ব্যাপক সংখ্যক নবীনকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে তাদের জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়া সহযোগী সংগঠন যুব দলের আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, মহিলা দলের নুরে-ই আরা সাফা, মহানগর বিএনপির কাজী আবুল বাশার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, আবদুল হালিম, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।