২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ রিজভীকে কারাগারে পাঠানো অমানবিক: খালেদা

দলের জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর মধ‌্য দিয়ে সরকারের অমানবিক আচরণের প্রকাশ ঘটেছে বলে মন্তব‌্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, রিজভীকে জামিন না দিয়ে আদালত শাসকগোষ্ঠীর ‘ইচ্ছার’ প্রতিফলন ঘটিয়েছে।

নাশকতার মামলায় ঢাকার আদালত বৃহস্পতিবার রিজভীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর খালেদা জিয়ার এই বিবৃতি আসে।

আদালতের উপর সরকারের হস্তক্ষেপের বিএনপি আগে থেকে করে এলেও ক্ষমতাসীনরা তা নাকচ করে বলে আসছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। 

খালেদা বলেন, “বিচার বিভাগ আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অসুস্থ রুহুল কবির রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠির ইচ্ছারই প্রতিফলন।

“আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে আমি করি। আমি এহেন ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।”

রিজভীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবিও জানান বিএনপি চেয়ারপারসন।

নাশকতার মামলায় বেশ কিছুদিন গ্রেপ্তার এড়িয়ে অপ্রকাশ‌্য থাকার পর বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছিলেন রিজভী।

বিবৃতিতে খালেদা বলেন, “দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একজন আইনজীবী। আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। তার আবেদন নামঞ্জুর করার ঘটনা সরকারের অমানবিক আচরণের বহিঃপ্রকাশ।

“যেসব মামলায় রিজভীর জামিন নামঞ্জুর করেছে, ওইসব মামলার এজহারের রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তার নাম অন্তর্ভুক্ত করেছে।”

‘ভোটারবিহীন’ নির্বাচনের মধ‌্য দিয়ে গঠিত ‘অবৈধ’ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর খড়গহস্ত বলেও অভিযোগ করেন খালেদা।

অন‌্য এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীকে কারাগারে পাঠানোর নিন্দা জানান।

পুরনো খবর:

জামিন নাকচ, রিজভী কারাগারে