নতুন স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
বিএনপির নতুন স্থায়ী কমিটি ঘোষণার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠকে ডেকেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন।
তিনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিষয়ে করণীয় ঠিক করতে নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করতে এই বৈঠক ডেকেছেন ‘ম্যাডাম’।”
এরপর রোববার রাতে খালেদা জিয়া জোট শরিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান শাহজাহান।
১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের চার মাসের বেশি সময় পর ৬ অগাস্ট ‘জাতীয় স্থায়ী কমিটি’র ১৭ জনের নাম ঘোষণা করা হয়, যদিও দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৯ সদস্যের।
ওই দিনই বিএনপির ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা হয়।
নতুন স্থায়ী কমিটির সদস্যরা হলেন- খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
এর মধ্যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গত আট বছর ধরে যুক্তরাজ্যে এবং এক বছরের বেশি সময় ধরে সালাহউদ্দিন আহমেদ ভারতের মেঘালয়ের শিলং রয়েছেন।
২০১৫ সালে তিন মাস নিখোঁজ থাকার পর শিলংয়ে খুঁজে পাওয়া সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে সেখানে অবৈধ অনুপ্রবেশের মামলায় বিচার চলছে।
