জাপার কমিটিতে আরও ৭৭ জন
অষ্টম জাতীয় কাউন্সিলের প্রায় তিন মাস পর কমিটিতে লালমনিরহাটের খালেদ আক্তার ও রংপুরের শাহানারা বেগমসহ নতুন আরও ৭৭ জনের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
দলটির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় এই কমিটির আরও ১০১ টি পদ শূন্য রয়েছে। পর্যায়ক্রমে সেসব পদ পূরণ করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান নুরু।
রোববার নতুন কমিটির একজন সভাপতিমণ্ডলীর সদস্য, দুজন ভাইস চেয়ারম্যান, ছয় জন সাংগঠনিক সম্পাদকসহ ৭৭ জনের নাম প্রকাশ করা হয়েছে।
নুরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বর্তমান কমিটিও হবে আগের কমিটির মতো ২৯৯ সদস্যের। এর আগে ৫ দফায় কমিটির ১২১ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। রোববার ৭৭ জনের নাম মিলিয়ে মোট ১৯৮ জনের নাম প্রকাশ করা হল।”
গত ১৪ মে জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির চেয়ারম্যান হন এরশাদ।
একই সঙ্গে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান পদে রওশন এরশাদ, কো-চেয়ারম্যান পদে জি এম কাদের এবং মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মনোনীত করেন এরশাদ।
এছাড়াও আছেন এম এ সাত্তার, আবুল কাশেম, দেলোয়ার হোসেন খান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাসুদা এম রশীদ চৌধুরী, সৈয়দ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, মহসীন রশীদ, মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রমুখ।
গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা ৪১ জন। রোববার খালেদ আক্তারের অন্তর্ভুক্তির পর সদস্য সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।
নুরু বলেন, “বাকি ৩ জনের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।”
জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান ৪১ জন।
গত ৮ জুন ঘোষণা করা হয় ১৭ জন ভাইস চেয়ারম্যানের নাম।। এদের মধ্যে সংসদ সদস্য রয়েছেন ৪ জন। এরা হলেন জিয়াউল হক মৃধা, মাহজাবীন মোরশেদ, নুরুল ইসলাম মিলন ও শরিফুল ইসলাম জিন্নাহ।
নতুন করে ভাইস চেয়ারম্যান করা হয়েছে রংপুরের মোস্তাফিজুর রহমান ও নীলফামারীর মো. শওকত চৌধুরীকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন চাঁদপুরের মো. শফিউল্লাহ শফি, কক্সবাজারের মনোয়ার আলম, নরসিংদীর শাহ-ই-আজম, রংপুরের এ কে এম আব্দুর রউফ মানিক, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল হামিদ ভাসানী এবং বরিশালের ফখরুল আহসান শাহজাদা।
রোববারের তালিকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ পেয়েছেন রংপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাহানারা বেগম। অন্যরা কমিটির বিভিন্ন বিভাগীয় পদের দায়িত্ব পেয়েছেন।
বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টির মোট পার্লামেন্টারি সদস্য ৪০ জন।
নুরুজ্জামান বলেন, “জাতীয় সংসদে দলের যেসব সদস্য রয়েছেন তারা বেশিরভাগই প্রেসিডিয়াম কমিটির। বর্তমানে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে একজন সংসদ সদস্য রয়েছেন। তার নাম শাহানারা বেগম। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।”
