নাটোরের পথে সাবেক প্রতিমন্ত্রী পটলের মরদেহ
দুই দফা জানাজা ও রাজনৈতিক সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর বিএনপিনেতা ফজলুর রহমান পটলের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত নেতার দুই দফা জানাজা হয়। পরে সাড়ে ১১টায় মরদেহের কফিন নিয়ে নাটোরের পথে উড়াল দেয় হেলিকপ্টার।
বৃহস্পতিবার রাতে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাংসদ ফজলুর রহমান পটল। ৬৬ বছর বয়সী সাবেক এই ক্রীড়া প্রতিমন্ত্রী কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।
কলকাতা থেকে শনিবার সন্ধ্যায় পটলের মরদেহ ঢাকায় আসার পর নেওয়া হয় রামপুরার বনশ্রীর বাসায়। এশার নামাজের বনশ্রী জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা হয়।
এরপর রাত ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরহুমের বাসায় গিয়ে প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে মরহুমে কফিন বারডেম হিমঘরে নিয়ে যাওয়া হয়।
সকাল ১০টায় বারডেম থেকে ফজলুর রহমানের পটলের কফিন অ্যাম্বুলেন্সে করে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে এন অস্থায়ী মঞ্চে রাখা হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন।
সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা হয়। জানাজায় বিএনপি মহাসচিব, জ্যেষ্ঠ নেতারা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে নিরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান নেতারা।
জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, আমিনুল হক, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, মিজানুর রহমান মিনু, গোলাম আকবর খণ্দকার, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, মোসাদ্দেক হোসেন বুলবুল, জাগপার শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান প্রমুখ।
এরপর ফজলুর রহমান পটলের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজায় অংশ নেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শামসুল হক টুকু, সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদসহ জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীরা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, হেলিকপ্টারযোগে মরহুমের কফিন নিয়ে যাওয়া হচ্ছে নাটোরের বাগাতিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর ২টায় ওই মাঠে এবং পরে লালপুর উপজেলার গ্রামের গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবে।
এরপর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ফজলুর রহমান পটলকে দাফন করা হবে বলে টিপু জানান।
চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পটল বিএনপির গেল ও নতুন কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে স্থান পান।
ছাত্রলীগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছিলেন পটল। পরে বিএনপিতে যোগ দিয়ে নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তিনি স্ত্রী কামরুন্নাহার পটল, দুই মেয়ে ফারহানা শারমীন ও ফারজানা শারমীন এবং দুই ছেলে ইয়াসীর আরশাদ ও ইফতেখার আরশাদকে রেখে গেছেন।
আগামী শুক্রবার রামপুরার বনশ্রীর বাসায় আসরের পর ফজলুর রহমান পটলের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে ইফতেখার আরশাদ।
