সমবেদনা জানাতে ফজলুর রহমানের বাসায় ফখরুল
সাবেক প্রতিমন্ত্রী সদ্য প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল শনিবার সকালে রামপুরার বনশ্রীতে প্রয়াত নেতার বাসায় গিয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তার সন্তানদের খোঁজ-খবর নেন।
বৃহস্পতিবার রাত ৯টায় কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান পটল।
বিএনপির গেল ও নতুন কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে স্থান পাওয়া সাবেক চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বেশ কিছু দিন ধরে কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন।
প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, “তার মৃত্যুতে দল ও দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
ফজলুর রহমান পটল
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকাল ৯টায় বনশ্রী জামে মসজিদে প্রথম জানাজার পর সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে।
এরপর সড়ক পথে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে নাটোরে। জেলা শহর ও নিজ গ্রাম গৌরীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফজলুর রহমান পটলকে দাফন করা হবে।
ছাত্রলীগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছিলেন পটল। পরে বিএনপিতে যোগ দিয়ে নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পটলের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। তার দুই মেয়ে ফারহানা শারমীন ও ফারজানা শারমীন এবং দুই ছেলে ইয়াসীর আরশাদ ও ইফতেখার আরশাদ।
