২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পৌঁছেছে ফজলুর রহমান পটলের মরদেহ

বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মরদেহ কলকাতা থেকে ঢাকায় আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শনিবার বিকাল সাড়ে ৪টায় রিজেন্ট এয়ারলাইন্সের একপি ফ্লাইটে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে সাবেক প্রতিমন্ত্রীর লাশ এসে পৌঁছায় বলে প্রয়াত নেতার ভাই মিজানুর রহমান জানিয়েছেন।

তিনি, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম পটলসহ পরিবারের সদস্যরা বিমান বন্দরে কফিন গ্রহণ করেন।

বৃহস্পতিবার রাত ৯টায় কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান পটল। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বিএনপির গেল ও নতুন কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে স্থান পাওয়া সাবেক চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বেশ কিছু দিন ধরে কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন।

সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনশ্রীতে প্রয়াত ফজলুর রহমানের পটলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

মিজানুর জানান, বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে যাওয়া হবে রামপুরার বনশ্রীতে মরহুমের বাসায়। সেখানে বনশ্রী জামে মসজিদে এশার নামাজের পর প্রথম জানাজা শেষে মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।

রোববার সকাল ১০টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এবং সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা হবে।

এরপর সড়কপথে মরদেহ নিয়ে যাওয়া হবে নাটোরে। সেখানে নিজ গ্রাম গৌরীপুরে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে ফজলুর রহমান পটলকে দাফন করা হবে।

ছাত্রলীগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছিলেন পটল। পরে বিএনপিতে যোগ দিয়ে নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।