২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় রিজভীকে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর মতিঝিল ও খিলগাঁও থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 02:25 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবু‌্যনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে মামলায় রিজভীর জামিন বাতিল করে এ আদেশ দেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মতিঝিল থানার মামলায় রিজভী ছাড়া আরও ৫৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন বিচারক। এ মামলায় মোট আসামি ৯২ জন।

রিজভীকে গ্রেপ্তার করা গেল কি না-  সে প্রতিবেদন দাখিলে আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে বলেও জানান তার আইনজীবী।

বিএনপি নেতা রিজভী অসুস্থতার জন্য আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন দাখিল করেছিলেন। আদালত তা মঞ্জুর না করে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ৫ নভেম্বর মতিঝিল থানা এলাকার কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে হরতাল কর্মসূচি পালন করছিলেন বিএনপির নেতা-কর্মীরা।

এসময় পুলিশের কাজে বাধা প্রদান ও তিনটি হাতবোমা বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানার এসআই কেএম আজিজুল হক বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

মামলায় ২০১৬ সালের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে মতিঝিল থানার এসআই মিজানুর রহমান সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিলগাঁও থানার মামলাটি এর আগে অধিকতর তদন্তের জন‌্য পাঠানো হয়।

এ মামলায়ও বৃহস্পতিবার রিজভীর জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।