খালেদা তালিকা দিলেই জঙ্গি নির্মূল হবে: হানিফ
খালেদা জিয়ার জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাকের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ‘তার দল এবং জোটের সন্ত্রাসী ও অপরাধীদের’ তালিকা দিলেই জঙ্গি-সন্ত্রাস নির্মূল হবে।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় গুলশান হামলার পর সাধারণ মানুষ জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় ঐক্যের নামে ‘নতুন খেলা’ শুরু করার অভিযোগও করেন তিনি।
হানিফ বলেন, “গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর যখন দেশের সাধারণ মানুষ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে তখন বিএনপিনেত্রী খালেদা জিয়া নতুন করে রাজনৈতিক অঙ্গনে খেলা শুরু করেছেন। এই খেলার নাম হচ্ছে ‘জাতীয় ঐক্য-ঐক্য খেলা।”
খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “আপনি কিসের ঐক্য চান বেগম জিয়া? দেশবসীও জিজ্ঞাসা করে, আপনি কিসের ঐক্য চান? আমরা তো বহুবার বলেছি, আপনার সাথে ঐক্যের প্রয়োজন নেই।
“জাতীয় ঐক্যের আগে আপনার দলের মধ্যে যারা সন্ত্রাসী আছে, যারা হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে ব্যর্থ হয়েছে। আগে তাদের তালিকাটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেন। আপনার জোটের মধ্যে যারা মানবতাবিরোধী আছে, তাদের অপরাধ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেন- তাহলেই জঙ্গি-সন্ত্রাস নির্মূল হবে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীতে যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ঐক্য নিয়ে ‘সুশীল সমাজের একটি প্রতিনিধি দলের’ খালেদার সঙ্গে সাক্ষাতের সমালোচনাও করেন তিনি।
“আমাদের দেশে কিছু তথাকথিত সুশীল সমাজ আছেন যারা খালেদা জিয়ার ঐক্যের কথা শুনে আগ বাড়িয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন। এরপর এই এক মাস জাতীয় ঐক্যের ধুয়া তুলে প্রতিদিন নিউজ করাচ্ছেন।”
এসময় খালেদা জিয়াকে ‘পাকিস্তানের এজেন্ট’ অভিহিত করে তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীকে নিয়ে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগও করেন হানিফ।
নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমাদের সামনে কঠিন সময় পাড়ি দিতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন।
“কিন্তু তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা সন্ত্রাস ও জঙ্গিবাদ। আর এদের মদদদাতা কারা, এটাও আজ প্রমাণিত ও স্পষ্ট হয়েছে। কারণ এদের মদদদাতা হচ্ছে বিএনপি-জামায়াত। তাই এদেরকে শক্ত হাতে দমন করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল মজিদ হুমায়ুন এবং প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ছবি)
শুক্রবারই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে আওয়ামী লীগের আরেক নেতা শাজাহান খান অভিযোগ করেন, ক্ষমতায় যেতে খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের দিয়ে মানুষও হত্যা করাচ্ছেন।
তিনি বলেন, “বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি মানুষ মারছেন। ২০১৪ ও ১৫ সালে তাদেরকে যেভাবে মোকাবেলা করেছি, ঠিক তেমনিভাবে জঙ্গি মোকবিলা করা হবে।”
খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক বছর ধরে আগুন ও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার অভিযোগ তুলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান বলেন, “বাংলার জনগণ আপনাকে ক্ষমা করেনি।কেউ আপনার ডাকে সাড়া দেয়নি। এখন জঙ্গি দিয়ে মানুষ হত্যা করা শুরু করেছেন। জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা করে খালেদা জিয়া আপনি পার পাবেন না।”
সমাবেশে উপস্থিত পোশাক শ্রমিকদের উদ্দেশে শাজাহান খান বলেন, “আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আগুন-সন্ত্রাস প্রতিরোধ করেছেন, তেমনি জাঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ করুন।”
কনফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নামের একটি সংগঠন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।
