জঙ্গিবাদের ক্ষেত্র সরকারের তৈরি: মোশাররফ
মত প্রকাশের পথ রুদ্ধ করে ‘অলিখিত বাকশাল’ চালু করে সরকারই জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্র প্রস্তত করে দিয়েছে বলে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানবাধিকার লঙ্ঘিত। মানুষের কথা বলার অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই। দেশে অলিখিত বাকশাল ব্যবস্থা চলছে।
“যেখানে গণতন্ত্র নেই, সেখানে জঙ্গিবাদের উত্থান হয়, যেখানে কথা বলার স্বাধীনতা নেই, সেখানে জঙ্গিবাদের বিস্তার ঘটে। এই সরকার দেশকে গণতন্ত্রহীন করে জঙ্গিবাদ উত্থানের একটি ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। এই গণতন্ত্রহীনতা, গণতন্ত্রকে আপনারা ভূলুণ্ঠিকত করে জঙ্গিবাদের উত্থানে সাহায্য করছেন।”
বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের মদদ দেওয়ার জন্য বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দায়ী করার মধ্যে খন্দকার মোশাররফ একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ ফোরামের উদ্যোগে ওই সভায় বক্তব্য রাখেন বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এই নেতা।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক সময়োচিত বলে মন্তব্য করেন তিনি।
“তিনি জনগণের ঐক্যের কথা বলেছেন। আওয়ামী লীগসহ কিছু দল নাও আসতে পারে।”
ডাকসু ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আখতার রানুসহ ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য রাখেন।
