২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রতন সেন হত্যার পুনর্বিচার দাবি সিপিবির

দলের সম্পাদকমণ্ডলীর সদস্য এবং খুলনা জেলা শাখার সভাপতি রতন সেন হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় করে পুনর্বিচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 12:06 AM

Updated : 12 Apr 2022, 02:34 AM

১৯৯২ সালের ৩১ জুলাই খুলনায় খুন হন রতন সেন। তারপর হত্যামামলার রায় হলেও আসামিরা সবাই খালাস পান।

রতন সেন হত্যাকাণ্ডের ২৪তম বার্ষিকীতে রোববার রাজধানীর পুরানা পল্টনে এক প্রতিবাদ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, “অনেকদিন পর বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচার হতে পারলে রতন সেন হত্যার বিচার হতে পারবে না কেন? দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই হত্যার বিচার অবশ্যই করতে হবে।”

কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “কমরেড রতন সেন হত্যার পর সরকারি সংস্থাই খুঁজে বের করেছিল হত্যাকারীদের। খবর বেরিয়েছিল, উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও লুটেরা গোষ্ঠী পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আজ ২৪ বছরেও হত্যার পরিকল্পনাকারীরা আড়ালে থেকে গেছে।”

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা হাসান তারেক চৌধুরী সোহেল, অনিরুদ্ধ দাশ অঞ্জন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদও বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মুক্তি ভবনে রতন সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।