২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দেশনা উপেক্ষা ‘চোখে পড়ছে না’ আ. লীগ নেতাদের

দলের নিষেধে কান না দিয়ে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে অন্যদের ছবি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উঠতি নেতা-কর্মীরা।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 10:09 AM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

পোস্টারে বঙ্গবন্ধু-হাসিনা ছাড়া কারও ছবি নয়: আ.লীগ 
‘ডিজিটাল লীগের’ নামে ‘অ্যানালগ চাঁদাবাজি’

ওই নির্দেশনা উপেক্ষা করায় এ পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ক্ষমতাসীন দলটি। বরং কয়েকজন নেতা দাবি করেছেন, তেমন কিছু তাদের ‘চোখে পড়েনি’।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতবছর ১৪ ডিসেম্বর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের চিঠি দিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছবি সংক্রান্ত ওই নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে, যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি থাকছে।

“অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটূ।

এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া অন্য কারো ছবি থাকলে সেসব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

শুরুর দিকে ওই নির্দেশনা মানা হলেও এখন আর তাতে গা করছেন না অনেক নেতা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ স্থানীয় কয়েকটি অফিস ঘুরে নির্দেশনা না মানার নজির দেখা গেছে।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ নামের একটি সংগঠনের বেশ কিছু ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপের ছবি দেখা যায়। ফেস্টুনগুলোতে সংগঠনের নেতাকর্মীদের ছবিও ছিল।

ধানমণ্ডির ওই কার্যালয়ের মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে কলাবাগান থানা আওয়ামী লীগের আরেকটি ফেস্টুন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাশে শেখ ফজলে নূর তাপস ও থানা আওয়ামী লীগের দুই নেতার ছবি রয়েছে।

গেইটের পাশের দেয়ালে লাগানো অরেকটি বড় ফেস্টুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির পাশে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং সেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আরও তিনজনের ছবি। নিচে লেখা- ‘সৌজন্যে: মো. মোস্তাফিজুর রহমান ইরান, সেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ’।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের উল্টো পাশেও এ ধরনের ফেস্টুন দেখা যায়। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কয়েকটি সহযোগী সংগঠনের নেতাদের নামেও ফেস্টুন রয়েছে সেখানে।

এর মধ্যে মোহাম্মদপুর থানা যুব লীগের একটি ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে যু্বলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয় জনের ছবি রয়েছে।

ছবি নিয়ে দলীয় নির্দেশনা উপক্ষোর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধু ও সভানেত্রীসহ আমার ছবি দিয়েও প্রচুর পোস্টার রয়েছে। কিন্তু আমাকে না জানিয়েই কেউ কেউ এ ধরনের প্রচার চালাচ্ছেন; হয়ত নিজের প্রচারের জন্য। খোঁজ নেওয়ার চেষ্টা করেছি; ধরতে পারছি না। আগামীতে বিষয়টি নিয়ে খুব সতর্ক থাকব।”

দলীয় কার্যালয়ের সামনেই এ ধরনের পোস্টার ফেস্টুন থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমার চোখে পড়েনি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

একটি ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পাশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ছবি দেখা গেলেও তা ‘চোখে পড়েনি’ বলে দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কই, আমার চোখে তো এমন কিছু পড়েনি। কারা এগুলো করেছে? আমি একটু পর পার্টি অফিসে যাব। যারা এগুলো টানিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে খুশি করার জন্য দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর শাস্তি দেওয়া হবে।”