২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টারে বঙ্গবন্ধু-হাসিনা ছাড়া কারও ছবি নয়: আ.লীগ 

বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া অন্য কারও ছবি না দিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 08:28 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার এক চিঠিতে সারাদেশের নেতা-কর্মীদের এ নির্দেশ দেন তিনি।

চিঠিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে, যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি থাকছে।

“অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু।

সৈয়দ আশরাফুল ইসলাম সব জেলা ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতিদেরও অনুরূপ চিঠিতে একই নির্দেশ দিয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
চিঠি প্রসঙ্গে দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতি  বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে অন্যান্য ছবি দিয়ে পরিবেশ নষ্ট করছে।”

তাই সবাইকে চিঠি দিয়ে এ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।