জঙ্গি মদদদাতাদের খুঁজে বের করার দাবি ছাত্রমৈত্রীর
জঙ্গিবাদের মদদদাতা ও অর্থদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।
সরকার সমর্থক সংগঠনটি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এদাবি জানায়।
ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াত-বিএনপিকে দায়ী করে তিনি বলেন, “চারদলীয় জোটের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদের যে চারাগাছ রোপিত হয়েছিল, তা আজ মহীরুহে পরিণত হয়ে ক্রমেই দেশকে অশান্ত করে তুলছে।”
সংবাদ সম্মেলন থেকে আগামী শনিবার বিকালে শাহবাগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ, ২৮ জুলাই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১ অগাস্ট থেকে জঙ্গিবাদবিরোধী প্রচারপত্র বিলি, ১৮ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে গোলটেবিল বৈঠকের কর্মসূচির ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব দেব নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
