২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করে এক টেবিলে বসুন: ইমরান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের প্রস্তাব নাকচ করার পর এ বিষয়ে সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 08:45 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

তিনি বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ এবং একে অন্যকে দোষারোপ করতে থাকলে তা আরেকটি ‘মারাত্মক ভুল’ হবে।

“তখন হয়তো পিছন ফিরে আসার আর কোনো পথই খোলা থাকবে না।”

গুলশানে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার পর জঙ্গিবাদ মোকাবেলায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জন্য বিএনপিকে আগে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার শর্ত দেন আওয়ামী লীগ নেতারা।

পরে খালেদা জিয়ার আহ্বান নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জঙ্গিবিরোধী ‘জাতীয় ঐক্য’ এরইমধ্যে সৃষ্টি হয়ে গেছে।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যারা ‘মানুষ পুড়িয়ে মারে’ এবং ‘যুদ্ধাপরাধ করে’ তাদের কথা আলাদা।

তবে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলছেন, “দল-মত নির্বিশেষে আপনারা এক টেবিলে বসুন। আমরা নতুনভাবে আবারও শপথ গ্রহণ করি, যে কোনো মূল্যে এই দেশকে আমরা রক্ষা করি।”

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যায় তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্রকে আপাদমস্তক একটা ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে আমাদের সামনের দিকে এগোবার পথ খুঁজতে হবে।

“না হলে আজকে আমরা দেখছি যেভাবে দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী ওঁৎ পেতে আছে, সুযোগ পেলেই তারা আজকে বাংলাদেশ রাষ্ট্রের উপর হামলে পড়বে- এটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে।”

বুধবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তব্য দেন ইমরান।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাব, যত ভুল-ভ্রান্তি থাকুক না কেন, যা-ই হোক না কেন আমাদের সেই ভুলগুলোকে খুঁজে বের করে সেগুলো সংশোধন করে এগোতে হবে।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা থাকলেও পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ উল্টো পথে যাত্রা শুরু করেছে। আজকে আমাদের এমন অবস্থায় দাঁড় করিয়েছে যে, সারা বিশ্বের মানুষ আজ ইরাক, সিরিয়ার সাথে তুলনা করছে।

“এর দায়ভার কাউকে না কাউকে নিতে হবে। কিন্তু এই দায়ের চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভুলটি খুঁজে বের করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”

সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শাহবাগে ফিরে শেষ হয়।