প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের কথা ‘বিভক্তি সৃষ্টির’: নোমান
খালেদা জিয়ার প্রস্তাব নাকচ করে প্রধানমন্ত্রী জঙ্গিবিরোধী ঐক্য এরইমধ্যে সৃষ্টি হওয়ার যে কথা বলেছেন তা কার্যত জাতিকে বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
জঙ্গিবাদ মোকাবেলায় সম্মিলিত কৌশল নির্ধারণ করতে সব দল-মতের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘জাতীয় কনভেনশন’ অনুষ্ঠানের কথা বলেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় নোমান বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রী যেভাবে জাতীয় ঐক্যের কথা বলেছেন, সেটা জাতীয় ঐক্য নয়, জাতিকে বিভক্ত করার কথা। জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না।
“তাদের (জনগণ) জীবন আমাদের রাজনৈতিক কারণে এবং আমাদের দায়িত্বে অবহেলার কারণে অথবা দলীয় সংকীর্ণতার কারণে আমরা ধ্বংস করতে পারব না। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে প্রতিষ্ঠা করব।”
বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে জাতীয় সমস্যা চিহ্নিত করে সেই সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়াকে জাতীয় ঐক্য বলে সংজ্ঞায়িত করেন তিনি।
গত ১ জুলাই গুলশানে ক্যাফেতে হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার পর জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ার প্রস্তাব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ওই প্রস্তাব নাকচ করে গত রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ‘জাতীয় ঐক্য’ এরইমধ্যে সৃষ্টি হয়ে গেছে।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ‘পুড়িয়ে মানুষ মারে, অথবা যুদ্ধাপরাধ করে’, তাদের ‘কথা আলাদা’।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য নাকচ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকে চায় জঙ্গিবাদবিরোধী ভূমিকা রাখতে। এই ভূমিকা তারা স্ব স্ব ক্ষেত্রে হয়ত রাখছেন অথবা চেষ্টা করছেন। এটাকে শেখ হাসিনা যদি মনে করেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, তাহলে এখানে কিন্তু প্রধানমন্ত্রী মৌলিকভাবে ভুল করছেন।”
খালেদা জিয়ার জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের সঙ্গে ঐক্য গড়তে চাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তার দলের নেতা নোমান।
তিনি বলেন, “সরকারের সাথে ঐক্য করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেন একমত হয়েছেন? তার কারণ হচ্ছে-দেশ থাকতে হবে। দেশের জন্য দল, দেশের জন্য নেতৃত্ব, দেশের জন্য সরকার। এই নেতৃত্ব যদি না থাকে, অগ্রবাহিনী যদি আজকে দেশে নেতৃত্ব দিতে না পারে, তাহলে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই পরিস্থিতি রুখার ক্ষেত্রে আমরা সফল হবে না।”
দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও সংগঠিত নয় মন্তব্য করে নোমান বলেন, “আমরা সেই সংগঠিত রূপে জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য কনভেনশনের মাধ্যমে একটা ঐক্য প্রতিষ্ঠার কথা বলেছি।
“আজকেও এই সভা থেকে সরকারকে বলব, আসুন আপনারা উদ্যোগ গ্রহণ করুন। দেশে যে সংকট-সমস্যা চলছে, এই সমস্যার সমাধান হচ্ছে, উগ্রবাদ ও জঙ্গিবাদকে রুখে দাঁড়াই এবং তাদের পরাজিত করি।”
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে খালেদা জিয়ার আহ্বান ও সরকারের ভূমিকা’ শিরোনামে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলামের রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,সাবেক সাংসদ হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
