২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ঐক্য চাইছেন ভয় পেয়ে: হানিফ

জঙ্গি দমনে সরকারের সাঁড়াশি অভিযানে বিএনপি চেয়ারপারসন ভয় পেয়েছেন দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া তার দল ও জোটের ‘সন্ত্রাসীদের রক্ষার জন্যই’ জাতীয় ঐক্যের কথা বলছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ‘ডাকের সুযোগ নিয়ে’ খালেদা জিয়া জাতীয় ঐক্যের ‘ধুয়ো তুলছেন’ বলেও অভিযোগ করেন তিনি।

গুলশানে জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার ডাক দেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের’ দল হিসেবে উল্লেখ করে তাদের সঙ্গে ঐক্যের প্রস্তাব নাকচ করে বলেছেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য ‘ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে’।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ গুলশাল ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় সন্ত্রাস ও জঙ্গি দমনে সহায়তা করতে চাইলে বিএনপি ও ২০ দলীয় জোটে ‘যেসব যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী আছে’ তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বানও জানান খালেদাকে।

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ‘ঘটা করে বৈঠক’ করার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে তিনি বলেন, “কিন্তু সেটা না করে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী নিয়ে কী করে ঐক্যের কথা বলেন। এটা দেশের মানুষ বোঝে।”

“জঙ্গি দমনে সরকারের সাঁড়াশি অভিযানে ভীত হয়েই, দল ও জোটের সন্ত্রাসীদের রক্ষার করার জন্যই ঐক্যের কথা বলছেন খালেদা জিয়া। এটা দেশবাসী জানে। আমরা সন্ত্রাসীদের লালন-পালনকারীদের সঙ্গে কোনো বৈঠক করতে চাই না,” বলেন হানিফ।

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির প্রসঙ্গ তুলে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা চাই না বিএনপি-জামায়াতের কোনো ব্যক্তি আমাদের এ কমিটিতে ঢুকুক; এটা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা যেন কমিটিতে ঢুকে তাদের সন্ত্রাসীদের রক্ষা করার সুযোগ না পায়।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।