জঙ্গি হামলায় জামায়াত, টাকা দিচ্ছে বিএনপি: হাছান
বাংলাদেশে সব জঙ্গি হামলাই জামায়াত-শিবির চালাচ্ছে এবং সেজন্য বিএনপি অর্থ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের সমস্ত জঙ্গি আক্রমণ করছে জামায়েত-শিবির আর এর অর্থের যোগান দিচ্ছে বিএনপি।
“আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে সব তথ্য চলে এসেছে। কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন কারা এর ইন্ধন দিচ্ছে; কারা জঙ্গিতে জড়াচ্ছে এবং কারা ঘোলা পানিতে মাছ শিকার করছে।”
গুলশানের ক্যাফেতে হামলার পর সন্ত্রাববাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শরিক নেতারা জঙ্গিবিরোধী সমাবেশে করার প্রস্তাব দিলেও সে বিষয়ে সিদ্ধান্ত দেননি জোটপ্রধান খালেদা।
ওই বৈঠকে জঙ্গিদের থাকার খবর পাওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, “বিএনপিনেত্রী না কি জঙ্গিবিরোধী সমাবেশ করবেন। শুনেছি ওইদিন বাসায় জঙ্গিদের নিয়ে বৈঠক করে সমাবেশের ঘোষণা দিয়েছেন। জঙ্গিদের নিয়ে বেগম খালেদা জিয়ার এই সমাবেশের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।”
সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, “আপনাদের মধ্যে কিছু কিছু শুভবুদ্ধিবান নেতা আছেন। আপনাদের মধ্যে যেসব জঙ্গি দল ও নেতা আছেন তাদেরকে বাদ দিন।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী ওই সভার আয়োজন করে ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’ নামের একটি দল।
জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, “অনেকেই এই পিস টিভির বক্তব্য শুনে জঙ্গি হয়েছে।”
সভাপতির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী জঙ্গিবাদ ঠেকাতে স্বাধীনতার পক্ষের সব ইসলামি দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
“জঙ্গিবাদী জামায়াত-শিবির ও উগ্রপন্থী সালাফিদের নিষিদ্ধ না করলে জাতিকে চরম মূল্য দিতে হবে,” বলেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদিন জুবায়ের, যুগ্ম মহাসচিব কাজী আনোয়ারুল ইসলাম ও খাজা আরিফুর রহমান তাহেরী।
