সিকিমের মতো বাংলাদেশকে হজম করতে পারবে না ভারত: হান্নান
ভারত সিকিমের মতো বাংলাদেশকে ‘হজম’ করতে চাইছে অভিযোগ করে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশে এখনও দেশপ্রেমিক সেনাবাহিনী থাকায় তা সম্ভব হবে না।
সোমবার রাজধানীতে এক সভায় গুলশানের ক্যাফেতে হানা দেওয়া জঙ্গিদের দমনে পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে কমান্ডে অভিযান চালিয়ে ঘটনার পরিসমাপ্তির জন্য সেনাবাহিনীর প্রশংসাও তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বর্তমান সরকার যেটা ভাবছে যে, দিল্লির ছত্রছায়ায় চিরদিন তারা এদেশ শাসন করবে, সেটা সম্ভব নয়। ভারত সিকিমের মতো এদেশকে হজম করতে পারবে না। অবশ্য বাংলাদেশটাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে হজম করার একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে।”
অভ্যন্তরীণ কোন্দলের এক পর্যায়ে ১৯৭৫ সালে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় স্বাধীন সিকিম।
ওই কোন্দলের নেপথ্যে দিল্লির ভূমিকা থাকার অভিযোগ তুলে হান্নান শাহ বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বাংলাদেশ সিকিম নয়, বাংলাদেশে সেনাবাহিনী এখনও আছে, যেটা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তারা বর্তমান শাসকদের মতো নয় যে নিজেদের গদি ধরে রাখার জন্য অন্য দেশের সহযোগিতা বা আশ্রয় নেবে।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত সভায় গুলশানের ঘটনা তদন্তে ভারতীয় বিশেষজ্ঞ দলের আসার খবরের সমালোচনাও করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা।
“একজন সাবেক সামরিক অফিসার হিসেবে আমরা লজ্জা হয়, বাংলাদেশের সেনাবাহিনীতে কি বোমা নিষ্ক্রিয় করা বা উড়িয়ে দেওয়ার জন্য প্রশিক্ষিত লোকজন নাই? আমাদের ইঞ্জিনিয়ারিং কোরে হাজার হাজার আছে।”
সন্ত্রাস শব্দটি আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে বার বার ব্যবহার করছে- অভিযোগ করে হান্নান শাহ বলেন, “দেশে স্বাধীন হওয়ার পর সন্ত্রাস করেছে রক্ষীবাহিনী দিয়ে। আর এখন চালাচ্ছে পুলিশ-র্যাবসহ অন্যদের দিয়ে।
“আমরা কি ভুলে গেছি, ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারত বাংলাদেশে ছাত্রলীগ-যুবলীগের ১২ হাজার কর্মীকে কাদেরিয়া বাহিনী বানিয়ে ৩০ টন অস্ত্র দিয়েছিল, যে অস্ত্র দিয়ে তারা বাংলাদেশের সরকারকে অস্থির করে তুলেছিল। তারপর যখন বাংলাদেশ সেনাবাহিনী ওদের বিরুদ্ধে নামল, তখন সব বীরত্ব শেষ।”
ভারতের বিরুদ্ধে ‘কাদেরিয়া বাহিনী’ দিয়ে বাংলাদেশের নিরীহ মানুষ হত্যার অভিযোগ করে তিনি বলেন, “এখনও তাদের (ভারত) হত্যাকাণ্ড থামেনি। প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে। সরকার একবারও কূটনৈতিক প্রতিবাদ করেনি।”
হান্নান শাহ দাবি করেন, বিএনপি শাসনামলে জেএমবিকে ‘নির্মূল করা হলেও’ আওয়ামী লীগ আমলে তারা ‘আবার মাথাচাড়া দিয়েছে’।
সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ‘সম্পদ লুটপাটের সুযোগ করে দেওয়ার’ অভিযোগও করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
“অনেকে বলে এই সরকার গণতান্ত্রিক সরকার নয়, পুতুল সরকার। কার পুতুল- ভারত ও রাশিয়ার। ব্যবসা-বাণিজ্য-বিদ্যুৎ খাত ভারত-রাশিয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদেরকে আমাদের সম্পদ লুটে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।”
ভারত এখন আর বাংলাদেশের বন্ধু নয় মন্তব্য করে দেশটির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
“একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য প্রতিবেশী দেশের কাছে আমরা সত্যিই ঋণী। ভারত আমাদের বন্ধু ছিল। কিন্তু আজ সেটা তারা হারিয়ে ফেলেছে।
“আমি বলব, বন্ধুত্বের হাত সম্প্রসারণ করুন। জনগণেল অধিকার আদায়ের জন্য আপনারা জনগণের পাশে দাঁড়ান, কিছু সংখ্যক দালালের পাশে দাঁড়াবেন না।”
ভারত ও রাশিয়া ছাড়া সবাই বাংলাদেশে ‘গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা বলছে’ দাবি করে হান্নান শাহ বলেন, “বর্তমান সরকার ও শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কাকাবাবু (ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়) ও ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করতে চাচ্ছে না। কারণ তারা জানে, ভারতের সমর্থন ছাড়া গদি টিকবে না।”
পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান জুম্মার নামাজের খুতবা নজরদারিতে আনার সিদ্ধান্তের সমালোচনা করেন।
“সরকার না কি সারা দেশের জুম্মার নামাজে ইমাম সাহেব কী খুতবা অর্থাৎ বয়ান দেবেন, তা ঠিক করে দেবেন। এভাবে এই অবৈধ অনির্বাচিত সরকার এখন মসজিদে হাত দিয়েছে, আল্লাহর ঘরে কী হবে তা ঠিক করবে ।”
সভায় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মহিউদ্দিন বাবুল ও আসাদুর রহমান খান বক্তব্য রাখেন।
