২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা রাজনৈতিক, উদ্দেশ্য সরকার উৎখাত: ইনু

রাজনৈতিক কারণে গুলশান ও শোলাকিয়ায় হামলা হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার উৎখাতের ‘মহাপরিকল্পনা’ নিয়েই এসব সন্ত্রাসী হামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 11:13 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে রোববার বিকালে টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সভার শুরুতে বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।

জঙ্গি হামলা নিয়ে তিনি বলেন, “নিরাপরাধ মানুষের উপর আক্রমণ পরিচালনার মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের অসাম্প্রদায়িক, নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিব্রত করা এবং উৎখাত করার চক্রান্তই করেছিলেন তারা। তারা সরকার উৎখাতের চক্রান্ত হিসেবে এই হামলাগুলো পরিচালনা করছে।

“এটা একটা রাজনৈতিক ঘটনা এবং এই রাজনৈতিক ঘটনা-দুস্কর্মের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিক নির্বাচিত অসম্প্রদায়িক সরকারকে ক্ষমতাচ্যুত করার একটা মহপরিকল্পনার অংশ হিসেবেই এই ঈদের সময়, ঈদের ছুটির আগে দুটি আক্রমণ পরিচালনা করা হয়েছে।”

জাসদ সভাপতি ইনু বলেন, “আমরা মনে করি জঙ্গি-সন্ত্রাস বৈশ্বিক আপদ, এটা বৈশ্বিক ঘটনা। বাংলাদেশেও তার রেশ ধরে কিছু ঘটনা ঘটেছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনাটা আকস্মিক মনে হলেও গত কয়েক বছর ধরে জঙ্গি-সন্ত্রাসের নির্মম ঘটনা প্রত্যক্ষ করছি।

“সরকার হেফাজতে ইসলামের জঙ্গি তাণ্ডবের ঘটনা, খালেদা জিয়ার ৯৩ দিনের আগুন যুদ্ধের ঘটনা মোকাবেলা করে ওদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। সাম্প্রতিককালে নিরাপরাধ মানুষের উপরে জঙ্গি আক্রমণ দেখেছি, অতর্কিত হামলা, গুপ্তহত্যা, আত্মঘাতী হামলা নতুন কৌশল।”

তিনি বলেন, “সব থেকে উন্নত নিরাপত্তা ব্যবস্থা যেসব দেশে আছে তারাও অতর্কিত, আত্মঘাতী গুপ্তহত্যা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।

“এই দুটো ঘটনা সাম্প্রতিককালে প্রমাণ করেছে জঙ্গি-সন্ত্রাসীদের অতর্কিত ও আত্মঘাতী হামলা মোকাবেলায় সক্ষম। গুলশানের ঘটনায় ১১ ঘণ্টার ভেতরে গুলশানকে সন্ত্রাসীমুক্ত করতে সক্ষম হয়েছি। শোলাকিয়ায় খুব দ্রুততার সঙ্গে হামলাকারীদের ধ্বংস ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রশাসনিক অবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

জঙ্গি দমনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের যে উন্নয়ন চলছে এটা সম্ভব কেবল সাংবিধানিক প্রক্রিয়া ও গণতন্ত্র যদি অব্যাহত থাকে। গণতন্ত্রের অপর পিঠ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের স্বাধীনতা, সক্রিয়তা এবং গণতন্ত্র, গণতন্ত্রের সচল ভূমিকা এবং উন্নয়ন হাত ধরাধরি করে চলবে।

“উন্নয়ন, গণতন্ত্র এবং গণমাধ্যমকে অব্যাহত গতিতে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে। জঙ্গি সন্ত্রাসীরা উন্নয়ন, গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু। জঙ্গি সন্ত্রাসীদের দমনে যে রাজনৈতিক, সরকারি ও প্রশাসনিক পদক্ষেপ চলছে সেক্ষেত্রে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আপনাদের (গণমাধ্যম) আমরা বিবেচনা করি।”

বর্তমানে বাংলাদেশ ‘কঠিন’ সময় পার করছে বলে মনে করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, “নিরাপরাধ মানুষের ওপর আক্রমণ করে একাত্তরে তারা জয়ী হতে পারেনি। সভ্যতা রক্ষা করতে বর্বরতার কাছে শেখ হাসিনার সরকার আত্মসমর্পণ করবে না, কোনো লেনদেনও করবে না। এক চুল ছাড় না দিয়ে সরকার জঙ্গি দমনে এক পায়ে খাড়া আছে। একটাই নীতি ওদের ধ্বংস করে দেব।”

সভায় তথ্যসচিব মরতুজা আহমদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর এবং প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।