সন্ত্রাসীদের উস্কানি দিচ্ছেন খালেদা: তোফায়েল
সন্ত্রাসবাদ মোকাবেলায় বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের ডাক ও জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সন্ত্রাসীদের উস্কানি দিচ্ছেন খালেদা জিয়া।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, একদিকে খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলবেন। আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ড চলতে থাকবে বলবেন। এসব কথা বলে তিনি সন্ত্রাসীদের উস্কে দিচ্ছেন। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় তারা একটি ঘটনা ঘটিয়ে সুবিধা নিতে চায়।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ‘মস্তবড় ভুল’ মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। সে নির্বাচনে সব দলকে আনতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।”
সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। অপরিচিত কেউ আসলে তার পরিচয় জানতে হবে।
