হলি আর্টিজান হত্যাকাণ্ড: প্রতিরোধ সমাবেশ করবে ১৪ দল
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিরোধ সমাবেশের কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিরোধ সমাবেশ করা হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোটের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে নাসিম বলেন, গুলশানের ওই নৃশংস হামলার প্রতিবাদে ১৪ দলের উদ্যোগে আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশ করা হবে।
“আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের সব ইউনিয়ন, উপজেলা ও জেলায় কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাসবিরোধী কমিটি করবে ১৪ দল।”
এছাড়া গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২৪ জুলাই থেকে পরবর্তী সাত দিনব্যাপী ১৪ দলের উদ্যোগে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করা হবে বলে জানান মোহাম্মদ নাসিম।
গুলশানের ওই হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “যে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান।
“কারা এর সঙ্গে জড়িত তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে।”
গুলশানের হামলার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিবৃতির প্রসঙ্গে ধরে মোহাম্মদ নাসিম বলেন, “‘এটা একটি রক্তাক্ত অভ্যুত্থান’… এ ভাষায় তিনি বিবৃতি দিয়ে প্রকারন্তরে খুনিদের পক্ষ অবলম্বন করেছেন।
“যেখানে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কাউকে আক্রমণ করেন নি, অথচ এ ঘটনাকে দুঃশাসনের প্রতিক্রিয়া হিসেবে রক্তাক্ত অভ্যুত্থান অভিহিত করেছেন খালেদা জিয়া। এ বক্তব্যের মধ্য দিয়েই তার খুনিদের পক্ষাবলম্বন প্রকাশ পেয়েছে।”
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, “এ পর্যন্ত গুপ্তহত্যার ঘটনা ঘটেছে, তারা প্রত্যেকে পুলিশি জিজ্ঞাসাবাদে বলেছে- তারা আগে শিবির করত। জামায়াতের পক্ষ থেকে বিশাল অংকের অর্থ সহায়তা করে এ সমস্ত সন্ত্রাসী তৎপরতায় সহায়তা করা হচ্ছে।
“যখন কোনো দল বা গোষ্ঠী মরিয়া হয়ে মাঠে নামে, তখন এ ধরনের ঘটনা ঘটে। আপনারা জানেন মীর কাসেম আলীর ফাঁসির রায় অপেক্ষমাণ, এটাও একটা কারণ হতে পারে।”
