২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল্লাহর’ কাছে সরকার পতনের ফরিয়াদ খালেদার

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুম, খুনের অভিযোগ করে তাদের পতনের জন্য ‘আল্লাহর’ কাছে ফরিয়াদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 10:38 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

বৃহস্পতিবার এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, “এই সরকার এত মানুষ খুন করেছে, এত মানুষ হত্যা করেছে, এত অপরাধ করেছে, আমরা আল্লাহর কাছে রমজান মাসে দোয়া করব- আল্লাহতালা... এদেশের মানুষদের কান্না, আহাজারি শুনে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে।

“অত্যাচারীদের শাস্তি দিয়ে আপনি দেখিয়ে দিন- আল্লাহর বিচার দুনিয়াতে আছে।”

সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

তিনি বলেন, “এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম, হত্যাকারী ও রাষ্ট্রদ্রোহী। সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী- আমি বলব।

“তারা অন্যের নামে রাষ্ট্রেদ্রোহ মামলা দিয়ে বেড়ায়। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু করছে, যেটা জনগণ জানে না… দেশের স্বার্থের পরিপন্থি কাজ করছে।”

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে শেখ হাসিনার সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

জঙ্গি দমনে চলমান ‘সাঁড়াশি অভিযান’র উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেত্রী বলেছেন, “তাদের (সরকার) লক্ষ্য সন্ত্রাসী ধরা নয়, তাদের লক্ষ্য সন্ত্রাসীদের নির্দ্বিধায় নির্ভয়ে পার করে দিয়ে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের যত নেতাকর্মী আছে তাদের ধরা। আর বিএনপির যারা সমর্থক ও বিএনপিকে যারা ভালোবাসে- এমন সব নিরীহ মানুষকে ধরা, তাদের জেলে ঢুকানো।”

গত শুক্রবার অভিযান শুরুর পর এই কয়দিনে বিএনপির আড়াই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

খালেদা জিয়া বলেন, “আজকে সরকার দেশটাকে পুরো কারাগার বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত ১২ হাজারের ওপরে লোকজন গ্রেপ্তার করেছে, তার মধ্যে বিএনপির হলো দুই হাজার ৭৯২ জন প্রায়।”

ইউপি নির্বাচনের সময় চট্টগ্রামে গ্রেপ্তার হয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির জামিনের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন।

আওয়ামী লীগ ও  এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অপরাধ করেও ‘আইনের অপপ্রয়োগে’ পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

খালেদা বলেন, “ক্ষমতাসীন ছাত্রলীগের লোকজন অবাধে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাদের ধরা হয় না। পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে ছাত্রলীগের একজন অস্ত্রসহ ধরা পড়েছে। তাকে জেলখানায় নেওয়া হয়, কয়েকদিন পর জামিন নিয়ে আবার বেরিয়ে এসেছে।

“আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে ধরা পড়লেও তাদের রিমান্ডে নেওয়া তো দূরের কথা,  জেলখানায় পর্যন্ত রাখে না। লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য জেলে নিয়ে আবার ছেড়ে দেয়।”

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা ‘কোনো অপরাধ না করলেও তাদের ধরে নিয়ে যাওয়া হয়’ বলে দাবি করেন খালেদা জিয়া।

তিনি বলেন, ‍“তাদের দিনের পর দিন কারাগারে রাখা হয়, রিমান্ডে নেওয়া হয়। আদালতের জামিনে বেরিয়ে আসতে গেলে আবার জেলগেইট থেকে নতুন মামলা দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়।”

দেশের আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে দাবি করে সরকারকে ‘অযোগ্য ও দুর্নীতিবাজ’ বলে আখ্যায়িত করেন বিএনপি প্রধান।

তিনি বলেন, “আজকে প্রত্যেকটা ব্যাংক লুট হয়েছে। সরকারি ব্যাংক তো আছে, অনেক বেসরকারি ব্যাংকেও কোনো হিসাব মেলে না। জীবনে কখনো শুনিনি রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে ডাকাতি হয়েছে। এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ সরকার- তা প্রমাণ করে দিল।”

রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে বক্তব্যে ‘দেশকে রক্ষা করতে’ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ দেশের মানুষকে ব্যক্তিগত চাওয়া-পাওয়া ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি বলেন, “আমরা বলতে চাই, দেশের মানুষকে… সকলকে ঐক্যবদ্ধ হওয়া…। আজকে উচিৎ সকল রাজনৈতিক নেতাদের যার যার প্ল্যাটফর্ম থেকে ঐক্যবদ্ধ হওয়া। কে কোন পদ পাব, কে কী পাব- সেটা বড় কথা নয়। আমাদের চাওয়া-পাওয়া বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হল- গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশটাকে রক্ষা করা।”

২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির উদ্যোগে এই ইফতার পার্টি হয়।

বক্তব্যের পর এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন খালেদা জিয়া।

ইফতারে এলডিপির আবদুল করিম আব্বাসী, সাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাগপার শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, এনডিপির খোন্দকার গোলাম মূর্তাজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মুস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপের জেবেল রহমান গনি, গোলাম মোস্তফা ভুঁইয়া, ইসলামী ঐক্যজোটের আবদুল করীম খান, শওকত আমীন, খেলাফত সৈয়দ মজিবুর রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, গোলাম মোস্তফা, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইফতারে বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, হায়দার আলী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেবা খানও অংশ নেন।