২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফনের কাপড়ে ভয় না পাওয়ার আহ্বান নাসিমের

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশ্যে জাসদ কার্যালয়ে কাফনের কাপড় পাঠানোর নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কাপুরুষদের’ এই কর্মকাণ্ডে ভয় পাওয়ার কিছু নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে রোববার এক যৌথসভায় তিনি বলেন, “শুনলাম জাসদের অফিসে হাসানুল হক ইনুর উদ্দেশ্যে কাফনের কাপড় পাঠিয়েছে। বিভিন্ন সময় গুপ্তহত্যা করা হচ্ছে।

“ওরা কাপুরুষ, ওদের আমরা ভয় পাই না,  আপনারাও কেউ ভয় পাবেন না।”

গুপ্তহত্যার বিরুদ্ধে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম।

জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন দেশজুড়ে যে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

“জনগণকে এই গুপ্তহত্যার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকার সময় এখন আর নেই,” বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

কাফনের কাপড় পাঠিয়ে ইনুকে হত্যার হুমকি